
কয়েক মাস পরই এইচএসসি পরীক্ষা। পরীক্ষা শেষে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন সহপাঠী-বন্ধুরা। তাই কলেজের স্মৃতি ধরে রাখার জন্যই সবাই মিলে আনন্দ উৎসবের আয়োজন করেছেন। আগামী দিনে যে যেখানেই যান না কেন, সবাই যেন ভালো থাকেন। মাদক থেকে যেন সব সময় দূরে থাকেন। গতকাল বুধবার দুপুরে কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে ‘র্যাগ ডে’-তে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থী আল ফয়সাল।
কলেজের ‘এইচএসসি ২০১৭’ ব্যাচের শিক্ষার্থীদের ‘র্যাগ ডে’-কে ঘিরে ছিল আনন্দ আড্ডা, টি-শার্টে সম্মিলিত অটোগ্রাফ, প্রকাশনার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক আয়োজন। গতকাল বেলা ১১টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের শিক্ষক মোহাম্মদ সোলায়মান, আবদুল কুদ্দুস, নিজাম উদ্দিন, মিঠুন চক্রবর্তী।
২০১৭ ব্যাচের শিক্ষার্থী রহিম উল্লাহ বলেন, ‘দেখতে দেখতে দুটি বছর কেটে গেল বন্ধুদের ভালোবাসায়। এই দিনগুলো জীবনে আর কখনোই ফিরে আসবে না। এই আনন্দও আর কখনো পাব না।’
বেলা দুইটায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ গান অভিনয় কৌতুক আবৃত্তি আর ফ্ল্যাশ মব মাতিয়ে রাখে সবাইকে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিল আকলিমা মুসতারিন ও খাদিজা রেদওয়ান। অনুষ্ঠান শেষে সবাই হাত তুলে মাদককে ‘না’ বলার অঙ্গীকার করেন।