'সরু হাতের' হাতকড়া খুলে পালাল আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক মামলার এক আসামিকে হাতকড়া পরিয়ে আদালত থেকে কারাগারে নিয়ে যাচ্ছিল পুলিশ। কিন্তু ওই আসামির হাত অনেক ‘সরু’ হওয়ায় হাতকড়া থেকে বেরিয়ে যায় হাত। এ সুযোগে সুহেল মিয়া (২২) নামের ওই আসামি আজ শুক্রবার বিকেল চারটার দিকে পুলিশের কাছ থেকে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে রাতে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।

বিকেলে নেত্রকোনা পৌর শহরের নাজিরপুর মোড় এলাকা থেকে হাতকড়া খুলে পালিয়েছিল আসামি সুহেল। তাঁকে আজ ভোরেই দুর্গাপুর উপজেলার থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁর বাড়ি উপজেলার চকলেঙ্গুরা গ্রামে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নাজিরপুর মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা আসামি সুহেল আদালত পুলিশের কাছ থেকে পালিয়েছিল। তাঁর হাত অনেক সরু হওয়ায় হাতকড়া ছুটে গিয়েছিল। পরে রাত নয়টার দিকে উপজেলার বিরিশিরি এলাকা থেকে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শী ও আদালত পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলায় সুহেলকে আজ ভোরে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে দুর্গাপুর চৌকি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফয়সল তারেকের আদালতে হাজির করা হয়। আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালত পুলিশের পাঁচ সদস্যের একটি দল বিকেল চারটার দিকে অন্য মামলার আরও তিন আসামিসহ চারজনকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় নেত্রকোনা জেলা কারাগারের উদ্দেশে রওনা হয়। আদালতের সামনের সড়কে নাজিরপুর মোড়ে যানজট ছিল। এ সময় সুহেলের হাতকড়া থেকে হাত বেরিয়ে গেলে তিনি অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

দুর্গাপুর আদালত পুলিশে দায়িত্বে থাকা উপপরিদর্শক চিত্তরঞ্জন প্রথম আলোকে বলেন, আসামির হাত সরু হওয়ায় হাতকড়া খুলে গিয়েছিল। পালিয়ে যাওয়ায় সুহেলের নামে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ৫ মে চুরির মামলার আসামি সাইনুল মিয়া (২২) জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে যান। সেদিন নেত্রকোনা সদর আদালত পরিদর্শক-২ মো. আবদুল বারি প্রথম আলোর কাছে দাবি করেছিলেন, আসামি সাইনুলের হাত সরু হওয়ায় তিনি কৌশলে পালিয়ে গেছেন। তবে দায়িত্বে অবহেলার অভিযোগে সে সময় আদালত পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সরিয়ে নেওয়া হয়েছিল।