'সহকারী সচিব'-এর গাড়ি থেকে ফেনসিডিল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় একটি প্রাইভেটকার থেকে গতকাল শনিবার ৩০০ বোতল ফেনসিডিল আটক করেছে পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক আবুল বাশারকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
আবুল বাশারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামে। প্রাইভেটকারটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবদুল্লাহ হাক্কানীর। সেখানে জ্যেষ্ঠ সহকারী সচিব লেখা স্টিকার ছিল। আবদুল্লাহ হাক্কানী ওই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, গতকাল সকালে মহাসড়কের মাধাইয়া এলাকায় এএসআই মিজান ঢাকামুখী জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ ৩৭-০৩৬৮) থামার সংকেত দেন। তবে চালক সংকেত অমান্য করে পালিয়ে যান। পরে খাদঘর এলাকায় মহাসড়কে ব্যারিকেড দেওয়া হয়। একপর্যায়ে গাড়ি থেকে নেমে এক আরোহী দৌড়ে পালিয়ে যান। এ সময় গাড়ি তল্লাশি করে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। গাড়ির চালককে আটক করা হয়। এ ছাড়া গাড়িতে থাকা জ্যেষ্ঠ সহকারী সচিবের সিল, ভিজিটিং কার্ড পাওয়া যায়।
হাইওয়ে পুলিশ দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়েত হোসেন বলেন, ‘গাড়ি আটক করার পর আমরা এর মালিক জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করি। তিনি গাড়ির মালিকানা স্বীকার করেন এবং মাদকের চালান সম্পর্কে কিছুই জানেন না বলে আমাদের জানান।’
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঞা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।