'সামনের মাসে পরীক্ষা; টাকা লাগবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপস সরকার। আজকের পর আর এমন ছবি তোলা হবে না কখনো। ছবি সংগৃহীত।
তাপস সরকার। আজকের পর আর এমন ছবি তোলা হবে না কখনো। ছবি সংগৃহীত।

‘বড়দা সামনের মাসে পরীক্ষা আছে, দুই হাজার টাকা লাগবে’—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত তাপস সরকার ভাই আশীষকে ফোন করে গতকাল শনিবার এ কথাই বলেছিলেন। কথা বলার এক দিন পর আজ রোববার গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন তাপস।

আজ রোববার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যেকার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাপস মারা যান। নিহত তাপস বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের দুটি গ্রুপের একটি চুজ ফ্রেন্ড উইথ কেয়ার (সিএফসি) গ্রুপের সদস্য ছিলেন তিনি।
তাপসের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নিধিপুর গ্রামে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। বাবা বাবুল সরকারের শরীরটা কয়েক দিন ধরে ভালো যাচ্ছিল না। তাপস বড় ভাই আশীষ সরকারের কাছে শনিবার ফোন করে বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বাবাকে দেখতে ১০-১৫ দিনের মধ্যে বাড়িতে আসবেন বলে তখন জানিয়েছিলেন। তাপস বাড়ি ফিরছেন, তবে জীবিত নয়, লাশ হয়ে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাপস সরকার অসুস্থ বাবাকে দেখতে সুনামগঞ্জে গ্রামের বাড়িতে আসতে চেয়েছিলেন। কিন্তু আজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হন তিনি। তাপসের লাশ হাসপাতালের মর্গে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। সেই তাপস বাড়ি ফিরছেন, জীবিত নয়, লাশ হয়ে। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাপস সরকার অসুস্থ বাবাকে দেখতে সুনামগঞ্জে গ্রামের বাড়িতে আসতে চেয়েছিলেন। কিন্তু আজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হন তিনি। তাপসের লাশ হাসপাতালের মর্গে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। সেই তাপস বাড়ি ফিরছেন, জীবিত নয়, লাশ হয়ে। ছবি: সৌরভ দাশ

আশীষ সরকার নেত্রকোনা জেলা শহরের একটি টেলিভিশনের দোকানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। থাকেন শহরের সাতপাই এলাকায়। তিনি প্রথম আলোকে বলেন, ‘গতকাল শনিবার তাপসের সঙ্গে আমার কথা হয়। তাপস ফোনে বলেছে, “বড়দা আমার সামনের মাসে পরীক্ষা আছে। দুই হাজার টাকা লাগবে।” আমি টাকা পাঠাব বলে কথা দিয়েছিলাম। এ সময় তাপস মা-বাবার খোঁজখবর নেয়।’ দুই ভাইয়ের মধ্যে মুঠোফোনে শেষ কথা এগুলোই। আজ প্রথম আলোকে এসব কথা বলার সময় বারবার কান্নায় ভেঙে পড়েন আশীষ।
আশীষ সরকার প্রায় ১০ বছর তিন ভাইকে নিয়ে নেত্রকোনায় আছেন। তাপস ও অন্য দুই ভাইয়ের লেখাপড়ার জন্য এখানে নিয়ে আসেন তিনি। ছোট্ট একটি ঘর নিয়ে ভাড়া থাকেন তাঁরা। চাকরির বেতনের টাকা দিয়েই ভাইদের লেখাপড়ার খরচ জোগান। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ (গোল্ডেন) পাওয়া তাপস নেত্রকোনা সরকারি কলেজ থেকে পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে মা-বাবাসহ পরিবারের সবাই খুশি হয়েছিলেন। কিন্তু সেই খুশিটুকু মিলিয়ে গেল এই পরিবারের।
আশীষ সরকার জানান, তাঁর ভাই ছাত্রলীগের কর্মী ছিলেন। তবে সক্রিয় ছিলেন না। লেখাপাড়া নিয়েই ব্যস্ত থাকতেন সব সময়। আশীষ বলেন, ‘ভাইদের লেখাপড়া শিখিয়ে বড় করার জন্য দিনরাত পরিশ্রম করছি। বাড়িতে মা-বাবাসহ অন্যরা খেয়ে না-খেয়ে দিন কাটান। আমাদের সব শেষ হয়ে গেছে।’
তাপসের লাশ নিয়ে সহপাঠীরা চট্টগ্রাম থেকে রওনা হয়েছেন। এখন লাশের অপেক্ষায় আছেন আশীষ। ছোট ভাইয়ের মরদেহ নেত্রকোনায় পৌঁছালে তিনি লাশ নিয়ে গ্রামের বাড়ি যাবেন। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
তাপস সরকারের ছোট ভাই শ্রাবণ সরকার নেত্রকোনায় একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ছে। শ্রাবণ বলে, ‘দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তাপস ভাইয়ের বন্ধুরা জানান, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আমি খবর শুনেই বুঝেছি, আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। মা বারবার মূর্ছা যাচ্ছেন। বাবা বিছানায়। বাড়ির সবাই পাগলপ্রায়।’