'সামাজিক আন্দোলনই পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে'
আমাদের দেশ মাদকদ্রব্য উৎপাদনকারী কোনো দেশ নয়। অথচ চোরাচালানি ও কিছু অসাধু ব্যবসায়ী তাদের স্বার্থ হাসিলের জন্য মাদক আমদানি করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে যুবসমাজকে রুখে দাঁড়াতে হবে। সামাজিক আন্দোলনই পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে।
গতকাল মঙ্গলবার ‘মাদকবিরোধী বিশেষ অভিযান ও প্রচার মাস-জানুয়ারি ২০১৭’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশ ও জাতির জন্য সবচেয়ে বড় শত্রু মাদক। এই শত্রুর বিস্তারে ধ্বংস হচ্ছে অনেক পরিবার। ক্ষতিগ্রস্ত হচ্ছে সামাজিক বন্ধন ও রাষ্ট্রীয় উন্নয়ন।
নগরের রিকাবিবাজারে কবি নজরুল মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে এ সভা হয়। এতে বিভাগীয় কমিশনার প্রধান অতিথির বক্তব্য দেন।
স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া, উপপুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, বেসরকারি সংস্থা গ্রামীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জামিল চৌধুরী ও প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সিলেটের পরিচালক মো. জাফরুল্লাহ কাজল।
এ ছাড়া সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সবাই ‘আমাদের অঙ্গীকার/ মাদকমুক্ত পরিবার, মাদককে না বলুন’ শীর্ষক শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার। পরে মানববন্ধনের মধ্য দিয়ে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাসের সূচনা করা হয়।