'সার্কিট'সহ বিমানযাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার রাতে মোহাম্মদ আলী (২৬) নামের এক যাত্রীকে আটক করেছে পুলিশ। তাঁর হাতব্যাগ থেকে বৈদ্যুতিক সার্কিট ও কেব্‌ল জব্দ করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বলেছে, রাত আটটার দিকে মোহাম্মদ আলীর বাংলাদেশ বিমানের ফ্লাইটে দুবাইয়ে যাওয়ার কথা ছিল। তাঁর হাতব্যাগে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সার্কিট, কেব্‌ল পাওয়া যায়। বোর্ডিং ব্রিজে ঢোকার আগে স্ক্যানিংয়ে এসব ধরা পড়ে। পরে তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। তাঁর বাড়ি ঢাকার দোহারে।

বিমানবন্দরে কর্মরত এপিবিএন জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, জব্দ করা উপকরণ দিয়ে আংশিক বোমা তৈরি করা সম্ভব। আটক ব্যক্তি পুলিশের কাছে দাবি করেন, তিনি দুবাইয়ের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুবাইয়ে তাঁর পরিচিত এক ব্যক্তি মহাখালীর এক ব্যক্তির কাছ থেকে এই হাতব্যাগ নিয়ে যেতে বলেছিলেন।