'সাহসী' কন্যাকে বখাটের থাপড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তমা খাতুন
তমা খাতুন

কুষ্টিয়ার শিলাইদহের সেই ‘সাহসী’ মেয়ে তমা খাতুনকে থাপড় দিয়ে নাকে রক্ত ঝরিয়েছে এক বখাটে। বাড়ি ফেরার পথে গতকাল সোমবার বেলা একটার দিকে সামসুল নামের এক বখাটে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
তমা এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় কুষ্টিয়ার শিলাইদহের খোরশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ ৪ দশমিক ৬৭ পেয়েছে। কয়েক দিন আগে স্থানীয় খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় সে। গত আগস্টে পরিবার তার বিয়ের আয়োজন করলে তমা নিজের বুদ্ধিতেই সেটি আটকে দেয়। সম্প্রতি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে নৈপুণ্য দেখিয়ে বিদ্যালয়কে কুমারখালী উপজেলার চ্যাম্পিয়ন করে সে। গত ২৬ অক্টোবর প্রথম আলোয় ‘শিলাইদহের সাহসী মেয়ে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
তমা বলে, ‘সকালে আমি দুইজন বান্ধবীর সঙ্গে সাইকেলে করে বাড়ি ফিরছিলাম। পথে মাঠের মধ্যে সামসুল সাইকেল থামিয়ে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রতিবাদ করলে সে আমাকে পড়াশোনা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে আমার মুখে চড় মারে। এতে নাকে আঘাত লেগে রক্ত ঝরতে থাকে।’
তমা আরও জানায়, পরে সে ঘটনাটি পরিবার ও খোরশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। কুমারখালী ইউএনও সাহেলা আক্তারকে সে ঘটনাটি মুঠোফোনে জানিয়েছে।
খোরশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, খবর পেয়ে তিনি তমার বাড়িতে গিয়েছেন। তখনো তমার নাক দিয়ে রক্ত ঝরছিল। ওই শিক্ষক আরও জানান, তমার স্কুলে আসা-যাওয়ার পথ দুর্গম। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যাবে।
ইউএনও সাহেলা আক্তার বলেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’