'সাড়ে চার কোটি টাকার' কোকেনসহ একজন আটক
যশোরের বেনাপোল স্থল বন্দর সংলগ্ন দীঘিরপাড় এলাকার একটি বাড়ি থেকে ১৫৫ গ্রাম কোকেন উদ্ধার করেছে র্যাব-৬ এর একটি দল। র্যাবের দাবি, এই কোকেনের দাম আনুমানিক সাড়ে চার কোটি টাকার বেশি। একই সঙ্গে ১১৫০টি ইয়াবা বড়িও জব্দ করা হয়েছে।
আজ সোমবার সকালে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ শাহাজালাল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বন্দর সংলগ্ন এলাকার একটি বহুতল ভবনে ক্রেতা সেজে অভিযান চালায় র্যাব। এ সময় তিনতলার ওপর থেকে কোকেন ও ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে র্যাব-৬ এর যশোর কার্যালয়ের উপপরিচালক স্কোয়াড্রন লিডার মো. কাওছার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কোকেনজাতীয় মাদক দ্রব্য জব্দ করার পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর কার্যালয়ে নমুনা পাঠিয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। চূড়ান্ত পরীক্ষার জন্য ওই পদার্থের নমুনা র্যাব এর সদর দপ্তরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।’ উদ্ধার হওয়া কোকেনের দাম চার কোটি ৬৫ লাখ ও ইয়াবা বড়ির দাম এক লাখ ১৫ হাজার টাকা বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক মাসুদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে জব্দকৃত পদার্থ কোকেন।’
এ বিষয়ে বেনাপোল বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।