'সৌজন্য' ব্যানারে মিছিল, আচমকা আক্রমণ
হাতে ব্যানার নিয়ে জনা দশেকের একটি মিছিল! এ মিছিল থেকে হঠাৎ ব্যানার গুটিয়ে আক্রমণ হয় রাস্তা দিয়ে যাওয়া বিশুদ্ধ পানির জারবাহী ভ্যানে। পরে বিচ্ছিন্নভাবে কিছু ঢিল ছোড়াছুড়ি করে বিস্ফোরিত হয় ককটেল। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে মিনিট পাঁচেক সময়ের আচমকা এ আক্রমণে জিন্দাবাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষে অবশ্য পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবিসংবলিত একটি ব্যানার নিয়ে ১০ জন মিছিল বের করে। ব্যানারে ‘সৌজন্য’ শব্দটি লিখে তার পাশে উল্লেখ ছিল জাতীয়তাবাদী ছাত্রদল নগর ও জেলা কমিটি। মিছিলটি জিন্দাবাজারের সিটি সেন্টারের সামনে পৌঁছামাত্র একটি ককটেল বিস্ফোরিত হয়। ব্যানার গুটিয়ে মিছিলকারীরা বিশুদ্ধ পানির জার নিয়ে রাস্তা দিয়ে যাওয়া ভ্যানে আক্রমণ করে। ভ্যান থেকে পানির জার ছুড়ে তারা রাস্তায় ফেলে দেয়। পরে আরও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দৌড়ে পালিয়ে যায় মিছিলকারীরা।