'স্ত্রীকে হত্যার পর উপপরিদর্শক সাত্তার আত্মহত্যা করেছেন'
রাজধানীর রূপনগরে স্ত্রীকে গুলি করে হত্যার পর বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গত শনিবার রূপনগরের ২২ নম্বর সড়কের একটি বাসা থেকে উপপরিদর্শক আবদুস সাত্তার ও তাঁর দ্বিতীয় স্ত্রী শম্পা খাতুনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার জাকির হোসেন প্রথম আলোকে বলেন, আবদুস সাত্তার আত্মহত্যার আগে তাঁর স্ত্রীকে হত্যা করেছেন, এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ডে আবদুস সাত্তারের সরকারি অস্ত্র ব্যবহার করা হয়েছে।
পারিবারিক সূত্র বলেছে, আবদুস সাত্তারের প্রথম স্ত্রী নিহত শম্পার খালাতো বোন। গত বছরের ১ জুলাই থেকে মিরপুরের একটি হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করেন শম্পা। সাত্তারের সুপারিশে তিনি চাকরিটি পান। এরপর জোর করে শম্পাকে বিয়ে করেন সাত্তার। কিন্তু তাঁদের মধ্যে কলহ শুরু হওয়ায় সাত্তারকে তালাক দেন শম্পা। এরপর সাত্তার আত্মহত্যা করতে চাইলে পরিবারের অনুরোধে সাত্তারকে দ্বিতীয়বার বিয়ে করেন শম্পা। ৭ জুলাই সাত্তার তাঁকে ওই হাসপাতাল থেকে জোর করে রূপনগরের বাসায় নিয়ে যান। পরদিন সন্ধ্যায় বাসা থেকে তাঁদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।