'স্পিড মানি' ছাড়া মেলে না জিএসপি সনদ

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) শুল্কমুক্ত পণ্য রপ্তানির জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি সনদ লাগে। সরকারের পক্ষে তা দেয় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। তবে রপ্তানিকারকদের সেই সনদ দিতে বছরের পর বছর ধরে সরকার নির্ধারিত ফির বাইরে বাড়তি টাকা নিচ্ছেন ইপিবির বস্ত্র বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। দ্রুত সেবা পাওয়ার জন্য ব্যবসায়ীরা এটিকে বলছেন ‘স্পিড মানি’।
রপ্তানিকারকদের অভিযোগ, প্রতি জিএসপি সনদের জন্য নির্ধারিত ফির বাইরে বাড়তি ৩০০ টাকা করে দিতে হয়। অবৈধ টাকা লেনদেনের এই বিষয়টি সবাই জানে বা ‘ওপেন সিক্রেট’। কেউ টাকা না দিতে চাইলে আবেদনপত্রে সমস্যা আছে বলে সংশ্লিষ্ট রপ্তানিকারককে চার থেকে পাঁচ দিন পর্যন্ত ঘোরান ইপিবির কর্মকর্তারা। এমনকি ফাইল গায়েব করে দেওয়ার মতো ঘটনাও ঘটে। শুধু জিএসপি নয়, ইপিবির নিবন্ধন সনদ নবায়নেও বাড়তি অর্থ দিতে হয় রপ্তানিকারকদের।
চলতি বছরের ৮, ১৩ ও ১৬ আগস্ট এবং ১৮ ডিসেম্বর ঢাকার কারওয়ান বাজারে ইপিবির প্রধান কার্যালয়ের বস্ত্র বিভাগে প্রথম আলোর এই প্রতিবেদক যান। প্রতিবারই দেখা যায়, জিএসপি সনদ নিতে আসা বিভিন্ন পোশাক কারখানার কমার্শিয়াল বা বাণিজ্যিক কর্মকর্তারা প্রতিটি ফাইল জমা দেওয়ার সময় ইপিবির কর্মচারী, এমনকি কর্মকর্তাদের হাতে নগদ টাকা চুপিসারে গুঁজে দিচ্ছেন। প্রায় প্রতিটি কাউন্টারেই এমন দৃশ্য দেখা যায়। সবকিছুই অবাধে চলছে।
প্রতিবছর কতগুলো জিএসপি সনদ ইস্যু করা হয়, তা ইপিবি থেকে জানা সম্ভব হয়নি। তবে বিজিএমইএ জানায়, তাদের সদস্য পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান গত বছর ৪ লাখ ৬৮ হাজার ৯৩৪টি জিএসপি সনদ নিয়েছে। প্রতিটি সনদের বিপরীতে ৩০০ টাকা বাড়তি দিতে হয় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে। তার মানে কেবল বিজিএমইএর সদস্যদের কাছ থেকেই গত বছর ১৪ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা অবৈধভাবে নিয়েছেন ইপিবির কর্মচারীরা। এর বাইরে নিট পোশাক রপ্তানিকারকেরা একইভাবে জিএসপি সনদ নিতে বাড়তি অর্থ দেন। পোশাক ছাড়া অন্য পণ্য রপ্তানিতে জিএসপি সনদ নিতেও একইভাবে অবৈধ অর্থের লেনদেন হয়।
ঢাকার মতোই নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ইপিবি কার্যালয় থেকেও জিএসপি সনদ নিতে রপ্তানিকারকদের বাড়তি অর্থ দিতে হয়। বিজিএমইএর দুজন সাবেক সহসভাপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, চট্টগ্রামে প্রতিদিন ৩০০-৪০০ জিএসপি ইস্যু হয়। প্রতিটি সনদের বিপরীতেই বাড়তি টাকা দিতে হয়। নারায়ণগঞ্জের এক নিট পোশাক কারখানার পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সেখানকার ইপিবি কার্যালয়েও স্পিড মানি ছাড়া জিএসপি সনদ মেলে না।
জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, এই দুর্নীতি বন্ধ করতে হবে। ভয় পেয়ে আপসের মাধ্যমে ঘুষ দিতে থাকলে সেটি কোনো দিনই বন্ধ হবে না, বরং পরিমাণ বাড়তে থাকবে।
ইইউ বাংলাদেশকে অস্ত্র ছাড়া সব ধরনের পণ্য শুল্কমুক্ত রপ্তানিতে জিএসপি সুবিধা দিয়ে থাকে। ইউরোপীয় কমিশনের তথ্যানুযায়ী, গত বছর ইইউভুক্ত ২৮ দেশে ১ হাজার ৬৩৯ কোটি ইউরো বা ১ লাখ ৬৩ হাজার ৯০০ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে ১ হাজার ৪৯৬ কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এসব পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেতে পণ্যগুলো বাংলাদেশে তৈরি হয়েছে তা প্রমাণ করতে হয়। আর সেটি প্রমাণের উপায় হচ্ছে ইপিবি থেকে ইস্যু করা জিএসপি (জেনারেল সিস্টেম অব প্রেফারেন্সেস) সনদ। পণ্য রপ্তানি হওয়ার পর রপ্তানিকারকেরা প্রতিটি ক্রয়াদেশের বিপরীতে জিএসপি সনদ সংগ্রহ করে ক্রেতার কাছে পাঠিয়ে দেন। সনদটি না পেলে সংশ্লিষ্ট বিদেশি ক্রেতা তার দেশের কাস্টম শুল্কমুক্ত সুবিধাটি নিতে পারে না।
এ বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘বাণিজ্যমন্ত্রীর কাছে আমরা একবার অভিযোগ করেছিলাম। সঙ্গে সঙ্গে কাজ হয়েছিল। লোকজন সরিয়ে দেওয়া হয়েছিল।’ সংগঠনের দুজন সহসভাপতিও নাম প্রকাশ না করার শর্তে ইপিবির বিষয়টি স্বীকার করেন।
জানতে চাইলে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘নব্বইয়ের দশকের শুরুতে ইপিবির কার্যালয় ছিল মতিঝিলে। তখন থেকেই জিএসপি সনদ দিতে বাড়তি টাকা নিতেন ইপিবির কর্মকর্তারা। ইপিবির কার্যালয় কারওয়ান বাজার যাওয়ার পর সেই টাকার পরিমাণ বাড়ে। নারায়ণগঞ্জে ইপিবির শাখা হয়েছে। সেখানেও জিএসপি সনদের জন্য টাকা দিতে হয়। দ্রুত সেবা পাওয়ার স্বার্থে বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা উচ্চবাচ্য করেন না। এ জন্য ব্যবসার খরচ বেড়ে যাচ্ছ।’ তবে তিনি বলেন, ইপিবির বিষয়টি তো তবু সহনীয় পর্যায়ে আছে। অন্য কিছু জায়গা তো অসহনীয় পর্যায়ে চলে গেছে।
গাজীপুরের একজন পোশাক কারখানার মালিক জানান, ইপিবি থেকে ১২ ঘণ্টার মধ্যে জিএসপি সনদ নিতে হলে ৫০০ টাকা, ২৪ ঘণ্টার মধ্যে নিতে ৪০০ টাকা ও ৪৮ ঘণ্টার মধ্যে নিতে হলে ৩০০ টাকার পে-অর্ডার করতে হয়। তার বাইরে ইপিবির কর্মচারীদের প্রতিটি জিএসপি সনদের জন্য ৩০০ থেকে ৩৫০ টাকা দিতে হয়।
বিষয়টি নিয়ে গত সোমবার ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্যের সঙ্গে প্রথম আলোর এই প্রতিবেদকের কথা হয়। অবৈধ টাকা লেনদেনের বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘সমস্ত টাকাপয়সার লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়। ইপিবির কাউন্টার ছাড়া কোনো লেনদেন হওয়ার সুযোগ নেই। এ ছাড়া কাউন্টারে সিসিটিভি লাগানো আছে। সেটি আমরা মনিটরিং (তদারকি) করি। এর বাইরে যদি ব্যক্তিগত পর্যায়ে কোনো কিছু হয়ে থাকে, তাহলে বিষয়টি আমার জানা নেই।’ অভিযোগের বিষয়ে প্রথম আলোর কাছে তথ্য-প্রমাণ থাকার কথা উল্লেখ করলে তিনি বলেন, ‘আমি অবিশ্বাস করছি না। সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ করলে আমি ব্যবস্থা নেব এবং সেটি আপনাকে জানাব। কেউ তো অভিযোগ করে না।’
গত ১৬ আগস্ট ইপিবির দোতলার বস্ত্র বিভাগে পৌনে এক ঘণ্টা অবস্থান করে দেখা যায়, রপ্তানিমুখী পোশাক কারখানার একজন বাণিজ্যিক বা কমার্শিয়াল কর্মকর্তা ৭টি জিএসপি সনদের আবেদনপত্রের সঙ্গে ২ হাজার ১০০ টাকা গুনে একজন ইপিবির কর্মচারীর হাতে দিলেন। সেই কর্মচারী টাকা নিয়ে কাচঘেরা কক্ষে চলে যান। তখন সেই কর্মকর্তা প্রথম আলোকে বললেন, ৩০০ টাকা ছাড়া জিএসপি সনদের ফাইলই নড়ে না।
১৮ ডিসেম্বর দুপুরে গিয়ে দেখা গেল, পোশাক কারখানার একজন নারী বাণিজ্যিক এক কাউন্টারে জিএসপি সনদের আবেদনপত্র দিলেন। তারপর আরেক কাউন্টারে হাত বাড়িয়ে একজন কর্মকর্তার কাছে টাকা দিলেন। দুই কাউন্টার পরেই প্রকাশ্যে চলছিল টাকা লেনদেন।
আনোয়ার হোসেন নামে একজন বাণিজ্যিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘২৭ বছর ধরে ইপিবি থেকে জিএসপি সনদ নিই। আগে সনদ নিতে ৫০ টাকা বাড়তি দিতে হতো, এখন বেড়ে ৩০০ টাকা হয়েছে।’ তিনি আরও বলেন, পয়সা না দিলে দাঁড়ি-কমা দেখা শুরু করেন ইপিবির কর্মকর্তারা। ইনভয়েস বা শিপিং বিলের যেকোনো একটা ভুল ধরে পাঁচ দিন ঘোরাবেন। রপ্তানির পর যদি জিএসপির জন্য পাঁচ দিন ঘোরান, তাহলে তো সম্ভব না। সে জন্য বড় কোম্পানিগুলো মাসিক ভিত্তিতে টাকা দেয়, যাতে সমস্যা হয় না। জিএসপির মতো ইপিবির সনদ নবায়ন করতেও বাড়তি টাকা দিতে হয় বলে জানান তিনি।
এদিকে জিএসপি সনদকে ঘিরে টাকাপয়সার লেনদেনের কারণে ইপিবির বস্ত্র সেলে দায়িত্ব নেওয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রতিযোগিতা কাজ করে। গত আগস্ট মাসে বস্ত্র সেলের পরিচালক ও উপপরিচালককে বদলি করা হয়। তবে শেষ পর্যন্ত আদেশটি কার্যকর হয়নি। নাম প্রকাশ না করার শর্তে এমনটাই জানালেন ইপিবির একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বলেন, জিএসপি সনদ ইস্যুকে ঘিরে অবৈধ লেনদেনের বিষয়টি নিয়ে গত আগস্ট মাসে হঠাৎ করে উত্তেজনা তৈরি হয়। পরে দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি করা হয়। তবে অদৃশ্য কারণে শেষ পর্যন্ত বদলি আটকে যায়। ঘুষের টাকা বস্ত্র সেলের অধিকাংশ কর্মকর্তার মধ্যে ভাগ-বাঁটোয়ারা হয়। তাই সেটি বছরের পর বছর চালিয়ে নিতে সমস্যাও হয় না।