'স্বপ্নতরীর' সুদের জালে গ্রাহকেরা, চেয়ারম্যান গ্রেপ্তার
সাদামাটা টিনশেড ঘর হলেও দরজার সামনে দুটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। বাইরে কী হচ্ছে, ভেতরে থেকে চলে নজরদারি। আবার ভেতরের অবস্থাও সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে সংরক্ষিত থাকে। প্রবেশ দরজার এক পাশে ‘অফিসসূচি—প্রতি রাত ৮টা থেকে রাত ১১টা’ লেখা।
এটি সিলেট নগরের একটি সমবায় সমিতির কার্যালয়। সমিতির নাম ‘স্বপ্নতরী বহুমুখী সমবায় সমিতি লি.’। ঋণ দিয়ে চক্রবৃদ্ধি হারে সুদ নেওয়া এই সমিতির সাড়ে চার হাজার সদস্যের অনেকে এখন আটকে গেছেন সুদ আর মামলার জালে। সদস্যদের টাকা নিয়ে প্রতারণা ও মামলা করে হয়রানিসহ বিভিন্ন অভিযোগে সমিতির চেয়ারম্যান ফয়েজ-উল কয়েসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অনুসন্ধানে জানা গেছে, সিলেট নগরের শিবগঞ্জ সোনারপাড়া এলাকার নবারুণ ১৪২ নম্বর বাসায় স্বপ্নতরীর কার্যালয়। প্রতিষ্ঠার পাঁচ বছরে সমিতির সদস্য এখন ৪ হাজার ৫০০ জন। বিমার নামে প্রত্যেক সদস্যের কাছ থেকে ১৮ হাজার টাকা করে আদায় করেছে স্বপ্নতরী। সে হিসেবে সমিতির মোট সংগ্রহ ৮ কোটি ১০ লাখ টাকা। এ টাকা আবার সদস্যদের কাছেই চড়া ও চক্রবৃদ্ধি সুদে খাটানো হয়েছে।
অথচ সমবায় আইনে আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। সমবায় আইন, ২০০১-এর ২৩-এর খ উপধারায় উল্লেখ রয়েছে, ‘কোনো সমবায় সংগঠন ব্যাংকিং ব্যবসা (বিমা ও সুদে টাকা খাটানো) পরিচালনা করতে পারবে না। করলে অনধিক সাত বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’
সুদের বেড়াজালে দুই শতাধিক সদস্য নিঃস্ব হওয়ার পথে। চক্রবৃদ্ধি সুদ পরিশোধ করতে না পারায় মামলা হয়েছে শতাধিক সদস্যের বিরুদ্ধে। স্বপ্নতরীর কার্যক্রম নিয়ে গত এক সপ্তাহের অনুসন্ধানে বের হয়ে এসেছে এসব তথ্য।
‘আমরা দাঁড়াব আমাদের পায়ে’ স্লোগানে ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর সমবায় অধিদপ্তরের নিবন্ধন নিয়ে যাত্রা শুরু করে স্বপ্নতরী বহুমুখী সমবায় সমিতি। প্রতিষ্ঠাকাল থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সোনারপাড়ার বাসিন্দা ফয়েজ-উল কয়েস। কার্যালয়টি তাঁর বাসাতেই।
চক্রবৃদ্ধি সুদে ঋণ: সুদে টাকা নেওয়ার পূর্বশর্ত হচ্ছে সমিতির সদস্য হওয়া। সমিতিকে ১৮ হাজার টাকা দিতে হয় এককালীন। সমিতি বিমা বই নামে একটি বই দেয় সদস্যদের। গ্রাহক বা সমিতির সঙ্গে বাস্তবে বিমার কোনো সম্পর্ক নেই।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম¯শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বীমা কোম্পানি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান বীমা শব্দটি ব্যবহার করা মানেই হলো প্রতারণা।’
সদস্যরা ঋণ নিতে চাইলে আগে সমিতিকে টাকার অঙ্ক ফাঁকা রেখে ব্যাংকের চেক দিতে হয়। তখন ঋণ দেওয়া হয় চক্রবৃদ্ধি সুদের হারে পাঁচ হাজার থেকে দুই লাখ টাকা।
এক লাখ টাকার সুদ মাসে ছয় হাজার ও দুই লাখ টাকার সুদ ১০ হাজার টাকা। কোনো মাসে ব্যর্থ হলে জরিমানা হিসেবে দ্বিগুণের কাছাকাছি টাকা পরিশোধ করতে হয়। ব্যর্থ হলে ব্যাংক চেকগুলোতে ইচ্ছেমতো টাকা বসিয়ে আদালতে চেক ডিজঅনার মামলা করা হয়।
স্বপ্নতরী থেকে ঋণ নিয়ে সুদের বেড়াজালে আটকা পড়া সদস্যদের কয়েকজন গত রোববার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বর্তমানে ১০৯টি চেক ডিজঅনার মামলা চলমান থাকার কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১০৯ মামলার মধ্যে স্বপ্নতরীর চেয়ারম্যান ফয়েজ-উল কয়েস বাদী হয়ে ১০টি মামলা করেছেন। বাকি ৯৯টি মামলার বাদী স্বপ্নতরীর পরিচালক পদে থাকা ব্যক্তিরা।
মামলা আর মামলা: ৪০টি চেক ডিজঅনার মামলার এজাহার কপি প্রথম আলোর সিলেট কার্যালয়ে এলে অনুসন্ধানে দেখা গেছে, সুদের টাকা না পেয়ে মামলাগুলো করা হয়েছে। মামলার আসামিদের অধিকাংশই নিম্নমধ্যবিত্ত। চেক ডিজঅনার মামলার আসামি একজন নারীসহ ১০ জনের সঙ্গে কথা হলে তাঁরা জানান, সুদ পরিশোধে ব্যর্থ হয়ে তাঁরা দেউলিয়া জীবন যাপন করছেন।
যোগাযোগ করলে স্বপ্নতরীর চেয়ারম্যান ফয়েজ-উল কয়েস মামলাগুলো ব্যক্তিগত পাওনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ঋণের নামে চক্রবৃদ্ধি সুদ নেওয়া হয় না বলে দাবি করেন কয়েস।
এতগুলো চেক ডিজঅনার মামলা হলো কীভাবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এসব আসলে ব্যক্তিগত পাওনা থেকে করা। কোনো মামলায় সংগঠনের নাম ব্যবহার করা হয়নি।’
নিজে বাদী হয়ে করা মামলাগুলোও কয়েস ‘ব্যক্তিগত’ বলে দাবি করেন।
মূলধন চার-পাঁচ কোটি টাকা হবে জানিয়ে কয়েস বলেন, ‘স্বপ্নতরী সিলেট নগরের সমবায় সমিতিগুলোর মধ্যে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। প্রতিষ্ঠাকালীন কয়েকজন পরিচালক চলে যাওয়ার পর একটি চক্র স্বপ্নতরীকে ধ্বংস করতে অপপ্রচার চালাচ্ছে।’
বিমার বিষয়ে বলেন, ‘বোঝার সুবিধার্থে বিমা শব্দটি ব্যবহার করেছিলাম। এটি আসলে সঞ্চয়।’
স্বপ্নতরীর চেয়ারম্যান গ্রেপ্তার: বিমার নামে সদস্যদের টাকা নিয়ে প্রতারণা, চেক ডিজঅনার মামলা করে হয়রানিসহ বিভিন্ন অভিযোগে এক পরিচালকের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন স্বপ্নতরীর চেয়ারম্যান ফয়েজ-উল কয়েস। গত সোমবার রাতে শাহপরান থানায় মামলা হলে পুলিশ কয়েসকে গ্রেপ্তার দেখায়। গতকাল মঙ্গলবার দুপুরে কয়েসকে জেলে পাঠানো হয়।
পুলিশ জানায়, সদস্যদের পক্ষে স্বপ্নতরীর অন্যতম পরিচালক সৈয়দ মো. শাহিন গত সোমবার দুপুরে শাহপরান থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য কয়েসকে শাহপরান থানায় নিয়ে যায়। এরপর পাঁচ ঘণ্টা কয়েসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন প্রথম আলোকে জানান, প্রতারণার অভিযোগে মামলাটি নথিভুক্ত করে কয়েসকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বাদী শাহিন জানান, কয়েস স্বপ্নতরীর সব কার্যক্রম একতরফাভাবে চালাতেন। সদস্যদের হয়রানি করায় তিনি মামলা করতে বাধ্য হন।
সিলেট জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক হাজারী বলেন, ‘সঞ্চয়ের বদলে বিমা ও সুদের কারবার সমবায় আইনের লঙ্ঘন। স্বপ্নতরীর বিষয়টি আমাদের কেউ জানায়নি। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’
তবে দিনে পর দিন চলতে থাকায় জেলা সমবায় কার্যালয়ও এর দায় এড়াতে পারে না বলে সদস্যরা অভিযোগ করেন।