'স্বপ্নতরী'র পরিচালক গ্রেপ্তার
‘স্বপ্নতরী বহুমুখী সমবায় সমিতি’র অন্যতম পরিচালক মোস্তফা কামালকে গ্রেপ্তার করেছে শাহ পরান থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শহরতলির কলগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ৩ আগস্ট গ্রেপ্তার করা হয় স্বপ্নতরীর চেয়ারম্যান ফয়েজ-উল কয়েসকে। সমবায় সংগঠনের নামে বিমা ও সুদ ব্যবসাসহ নানা রকম প্রতারণার অভিযোগে করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো।
গত বুধবার প্রথম আলোয় ‘স্বপ্নতরীর সুদের জালে গ্রাহকেরা/ চেয়ারম্যান গ্রেপ্তার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
শাহ পরান থানার এসআই আমিনুল ইসলাম জানান, স্বপ্নতরীর আরেক পরিচালক সৈয়দ মো. শাহিনের করা মামলায় মোস্তফাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্বপ্নতরীর প্রতারণার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন প্রতারিত গ্রাহকেরা। বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সৈয়দ শাহিন মামলা করায় তাঁকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে।