চেইনশপ ‘স্বপ্ন’তে কেনাকাটা করতে গিয়ে এক নারী হেনস্তা ও যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে ওই নারীর স্বামী প্রতিষ্ঠানটির মালিবাগ শাখার পাঁচ কর্মীর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় একটি মামলা করেছেন। এ মামলায় পুলিশ আলী নূর রহমান নামে এক কর্মীকে গ্রেপ্তার করে।
ঘটনার শিকার ওই নারীর স্বামী একটি সরকারি কলেজের শিক্ষক। প্রথম আলোকে তিনি বলেন, গত রোববার কেনাকাটা করতে গিয়ে স্বপ্নর মালিবাগ শাখায় তাঁর স্ত্রীকে মারাত্মকভাবে হেনস্তা ও যৌন হয়রানি করা হয়। পরে প্রচণ্ড অপমানবোধে তিনি ও তাঁর স্ত্রী প্রায় অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা এই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেন।
মামলার এজাহারে ওই শিক্ষক উল্লেখ করেন, তাঁর স্ত্রী (৩৫) রোববার সকাল সাড়ে নয়টার দিকে শান্তিনগরের আরেকটি সুপারশপ থেকে কিছু কেনাকাটা করে মালিবাগের স্বপ্নতে যান। এ সময় স্বপ্নর কয়েকজন কর্মচারী তাঁকে চোর সন্দেহে দোকানটির একটি গোপন জায়গায় নিয়ে মানসিক নির্যাতন ও যৌন হয়রানি করেন। এরপর তাঁর স্ত্রী বাড়ি ফিরে এলে নাজমুল হুদা নামে ওই শাখার একজন কর্মী ফোন করে তাঁর স্ত্রীকে অশালীন প্রস্তাব দেন।
যোগাযোগ করা হলে মামলাটির তদন্তকারী কর্মকর্তা শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ওলিউর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, ওই নারী সেখানে কেনাকাটা করতে গিয়েছিলেন। কিন্তু চোর সন্দেহে ওই বিক্রয়কেন্দ্রের কয়েকজন কর্মী তাঁকে হেনস্তা করেন। তাঁরা এমন আচরণ করেছেন, যেটাকে যৌন হয়রানি বলা যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে আলী নূর রহমান (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আলী নূর মামলার এজাহারভুক্ত আসামি।
জানতে চাইলে স্বপ্নর বিক্রয় বিভাগের প্রধান মো. শামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, রোববার সকালে ওই নারী মালিবাগ শাখায় আসেন। সেখানে তিনি দুটি পণ্য ব্যাগে ভরে ফেলেন। পরে তাঁকে অফিস কক্ষে নিয়ে নারী কর্মী দিয়ে তল্লাশি করা হলে পণ্য দুটি পাওয়া যায়। তিনি ওগুলো অন্য দোকান থেকে কিনেছেন বলে দাবি করলেও এর কোনো ক্রয় রসিদ দেখাতে পারেননি। এরপর তিনি লিখিত দেন, এসব চুরি করেছেন। এ ঘটনার কিছুক্ষণ পর তাঁর স্বামীসহ আরও কয়েকজন সেখানে আসেন। স্বপ্নর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁরা কয়েকজন কর্মীকে চড়-থাপড় মেরে ক্ষোভ মেটান। তারপরও তাঁদের কাছে স্বপ্নর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়। সবাই ভেবেছিলেন, বিষয়টা নিষ্পত্তি হয়ে গেছে। কিন্তু ওই দিন সন্ধ্যায় পুলিশ এসে জানায়, তাঁরা মামলা করেছেন। পুলিশ একজনকে ধরে নিয়ে যায়।
শামসুদ্দোহা বলেন, গ্রাহকের অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্মীদের চাকরিচ্যুত করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান কী পদক্ষেপ নেবে, তার সিদ্ধান্ত এখনো হয়নি।