'স্বরাষ্ট্রমন্ত্রী, দায় নিয়ে পদত্যাগ করুন'

একের পর এক মুক্তমনা মানুষদের হত্যাকাণ্ডের ঘটনায় দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং এক প্রকাশক ও দুই ব্লগার-লেখকের ওপর হামলার প্রতিবাদে এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে দেওয়া বক্তৃতায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লালমাটিয়ার ঘটনার পরপরই হত্যার হুমকিপ্রাপ্ত অন্যদের নিরাপত্তার না বাড়ানোর কারণ জানতে চান। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলে আসছেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে আইনশৃঙ্খলা অবনতির কোনো সম্পর্ক নেই। এ ধরনের কথা না বলে ব্যর্থতার দায় স্বীকার করুন।’ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশের প্রগতিশীল মানুষ, অসাম্প্রদায়িক মানুষ ও সাধারণ জনগণের ওপর সম্মান রেখে সসম্মানে পদ ছেড়ে চলে যান। না হয়, এরপর এই ধরনের কোনো হত্যাকাণ্ড ঘটলে আমরা আপনার পদত্যাগ দাবি করব। মানুষের জানমালের নিরাপত্তা দিতে না পারলে, আপনার এই পদে থাকার দরকার নেই।’
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘যে জামায়াত-শিবির একাত্তরের পরাজিত হয়েছিল, তারা এখন বিভিন্ন নামে আবির্ভূত হয়েছে। হামলাগুলো চালাচ্ছে। প্রতিটি হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী মৃদু ভাষায় বলেন, হত্যাকারীরা চিহ্নিত, তাদের ধরে ফেলবেন। কিন্তু হত্যাকারীরা ধরা পড়ে না। ধরতে না পারলে সসম্মানে পদ ছাড়েন।’
মানববন্ধনে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমা শাহীন বলেন, ‘রোকেয়া হলের আবাসিক কোয়ার্টারে বেড়ে উঠেছেন প্রকাশক ফয়সল আরেফিন দীপন। সদা হাস্যোজ্জ্বল, নম্র-ভদ্র দীপন কারও ক্ষতি করতে পারে—এমন কিছু আমাদের মনে পড়ে না।’ নিহতের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি তিনি বলেন, ‘স্যার, আমরা আপনার কাছে ক্ষমা চাই। আমরা আপনার সন্তানকে রক্ষা করতে পারিনি। সন্তান হারানোর পর আপনার বক্তব্যে আপনার আবেগ-অনুভূতি ও রক্তাক্ত হৃদয়ের যে অভিমান ঝরেছে তাও বুঝতে পারিনি।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, হত্যাকারীদের দৃষ্টি ক্রমাগত প্রসারিত হচ্ছে। এর আগে তারা ব্লগারদের হত্যা করত, এবার তারা প্রকাশককে হত্যা করেছে। এরপর যাঁরা পড়তে চান, তাঁদেরও হত্যা করবেন। এক-দুজন খুনিকে ধরার পর স্বরাষ্ট্রমন্ত্রী কৃতিত্ব দাবি করেন, আবার ব্লগারদের সংযত হওয়ার কথা বলেন। এমন বক্তব্য হত্যাকারীদের হত্যায় উৎসাহিত করে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবদুল আজিজ, অর্থনীতি বিভাগের অধ্যাপক শফিক-উজ-জামান, টেলিভিশন ও ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিনসহ দুই শতাধিক শিক্ষক অংশ নেন। এ সময় আরও বক্তব্য দেন ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান জিয়া রহমান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মশিউর রহমান প্রমুখ। তাঁরা হত্যাকারীদের বিচারের আওতায় আনার পাশাপাশি ঐক্যবদ্ধ প্রতিরোধের জন্য সবার প্রতি আহ্বান জানান।