'স্বামীর দেওয়া আগুনে' দগ্ধ ফাতেমার মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ‘স্বামীর দেওয়া আগুনে’ গুরুতর দগ্ধ গৃহবধূ ফাতেমা আক্তার (৩৫) মারা গেছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দিনগত রাত একটায় তাঁর মৃত্যু হয়।
ফাতেমা টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের ছোবাহান গাজীর স্ত্রী। তাঁর বাবার বাড়ি কলাপাড়া পৌরসভার নতুন বাজার মহল্লায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, ২৫ মে রাতে স্বামী তাঁর গায়ে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় ফাতেমার মা তাসলিমা বেগম বাদী হয়ে ছোবাহানকে আসামি করে থানায় মামলা করেন। ছোবাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অগ্নিদগ্ধ হওয়ার পর ফাতেমাকে স্থানীয় লোকজন উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের বার্ন ইউনিটে তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকেরা জানান, ফাতেমার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অগ্নিদগ্ধ হওয়ার কারণে পেটের সন্তানটিও মারা যায়। ঘটনার তিন দিন পর চিকিৎসকেরা মৃত সন্তানটি অস্ত্রোপচার করে বের করেন। এ ঘটনায় ২৯ মে প্রথম আলোয় ‘স্বামীর দেওয়া আগুনে দগ্ধ ফাতেমা হাসপাতালে কাতরাচ্ছেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ফাতেমার চাচা মো. হাবিবুর রহমান গতকাল সোমবার বলেন, ‘চিকিৎসকেরা ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আমরা গরিব মানুষ। হেইরহম টাহা-পয়সা নাই। ঢাকায় নেওয়ার অর্থ জোগাড়ও করতে পারি নাই। আর ভালো চিকিৎসাও করাইতে পারি নাই। সময়মতো ঢাকায় নেতে পারলে হয়তো বাঁচানো যাইতো।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, ঘটনার পরপরই স্বামী ছোবাহান গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে পাঁচ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।