'স্বামীর মারধরে' স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপুরার মুক্তির মসজিদ গলির একটি বাসা থেকে গতকাল রোববার সাহানা আক্তার পারভীন (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে।

ঘটনার পরপরই সাহানার স্বামী মনির হোসেন পালিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য মনিরের ভাই আবুল হোসেনকে আটক করেছে পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, সাহানাকে শ্বাস রোধে হত্যা করা হয়েছে। তার আগে তাঁকে প্রচণ্ড মারধর করা হয়েছে বলে মনে হয়। সাহানার চোখ, মুখমণ্ডলসহ বিভিন্ন জায়গায় মারের দাগ আছে। সন্দেহভাজন হত্যাকারী মনির হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাহানার ভাই সাইফ উদ্দিন বলেন, ১৬ বছর আগে মনির হোসেনের সঙ্গে তাঁর বড় বোন সাহানার বিয়ে হয়। বিয়ের পর থেকে মনির হোসেন কিছুই করতেন না। দেড় কাঠা জমির ওপর পৈতৃক দোতলা টিনশেড বাড়ি আছে মনিরের। সেখান থেকে কিছু ভাড়া পেতেন। কিন্তু তা দিয়ে সংসার চলত না। একপর্যায়ে মনির মাদকাসক্ত হয়ে পড়েন। এর মধ্যেই তাঁর বোনের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। সংসারে টানাটানির কারণে তাঁর বোনের ছেলে ফেনীতে তাঁদের বাড়ি থেকে পড়াশোনা করে। সে এখন নবম শ্রেণিতে পড়ে। আর মেয়ে রামপুরার একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

সাইফউদ্দিন বলেন, বিয়ের পর থেকেই সাহানার সংসার চালানোর জন্য তাঁরা টাকা দিতেন। এসব নিয়ে পরিবারে ঝগড়াঝাঁটি লেগেই ছিল। এর জের ধরে রোববার সকালে মনির ঘরের দরজা বন্ধ করে সাহানাকে মারধর শুরু করেন। একপর্যায়ে সাহানাকে ঘরে রেখে মনির পালিয়ে যান। সম্ভবত সাহানার মৃত্যু হয়েছে বুঝতে পেরে পালান মনির। পরে ওই ঘর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

‘ছিনতাইয়ের টাকার ভাগাভাগি’ নিয়ে যুবক খুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ‘ছিনতাইয়ের টাকার ভাগাভাগি’ নিয়ে কেরানীগঞ্জে ছুরিকাঘাতে ইমরান মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

গত শনিবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন জনি টাওয়ার এলাকায় তাঁকে ছুরিকাঘাত করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা বলেন, গত শনিবার রাত দেড়টার দিকে ঢাকা-নবাবগঞ্জ সড়ক এলাকার ডায়মন্ড মেলামিনের সামনে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে চালককে মারধর করে টাকাপয়সা ছিনিয়ে নেন ইমরান ও তাঁর সহযোগীরা। পরে ছিনতাইয়ের টাকার ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঝগড়া বাধে। এ সময় ইমরানকে তাঁর এক সহযোগী ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত ইমরানকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইমরানের স্ত্রী আঁখি আক্তার বলেন, তাঁরা দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার এলাকার রতন স্বর্ণকারের বাড়িতে ভাড়া থাকেন। শনিবার সন্ধ্যায় লেগুনা চালানোর কথা বলে ইমরান বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল রোববার সকালে লোকমুখে শুনতে পান ইমরানের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছে। তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাঁর স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে তাঁর ধারণা। 

ইমরানের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়ি থানার মিরুখালী এলাকায়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, এ ঘটনায় ইমরানের স্ত্রী হত্যা মামলা করেছেন।