'হঠাৎ বিকট শব্দ আর কিছু মনে নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়িতে তখন রাত সাড়ে আটটার কিছু বেশি। গুলশানে হলি আর্টিজান বেকারির সামনে গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন গাড়িচালক মো. আবদুর রাজ্জাক। ‘স্যারদের’ রেস্তোরাঁর ফটকে নামিয়ে দিয়ে অপেক্ষা করছিলেন তিনি। হঠাৎ বিকট শব্দে হুঁশ হারান। তারপর তাঁর আর কিছু মনে নেই।
গত শুক্রবার রাতে গুলশানে জঙ্গি হামলায় আহত আবদুর রাজ্জাক এভাবেই তাঁর জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনাটি বর্ণনা করলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর গলার বাঁ অংশে ও বাঁ হাতে ব্যান্ডেজ বাঁধা। ব্যথায় কিছুক্ষণ পরপর কুঁচকে যাচ্ছে মুখ। হাসপাতালের বিছানায় পায়ের দিকে ঝোলানো চিকিৎসাব্যবস্থাপত্র থেকে জানা যায়, রাজ্জাকের গলার বাঁ অংশে ও বাঁ হাতে বুলেটের আঘাত রয়েছে।
রাজ্জাক বেসরকারি প্রতিষ্ঠান প্লেডিস গ্রুপের গাড়িচালক হিসেবে চুক্তিভিত্তিক কাজ করছেন। কিছুদিন আগে অফিস থেকে তিনি একদল জাপানি নাগরিককে বিভিন্ন জায়গায় আনা-নেওয়ার দায়িত্ব পান। তাঁদের নিয়েই শুক্রবার রাতে গুলশানের ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন। ওই জাপানি নাগরিকেরা কেমন আছেন, এখন কেবল তা-ই ভাবছেন রাজ্জাক। বললেন, ‘স্যারদের খবর কিছুই তো জানি না। তাঁরা কেমন আছেন, কে জানে।’
রাজ্জাকের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। কাজের সূত্রে ঢাকায় থাকতেন। তাঁর স্ত্রী রেহানা চাকরি করেন সাভারের হেমায়েতপুরে। স্বামীর আহত হওয়ার খবর পেয়ে গতকাল শনিবার সকালে তিনি ঢাকায় এসেছেন। হাসপাতালে রাজ্জাকের পাশে বসে একটু পরপর চোখ মুছছেন। স্বামীর যন্ত্রণা লাঘবের চেষ্টা করছেন।
রাজ্জাকের পাশের ২৬ ও ২৭ নম্বর বেডে শুয়ে আছেন পুলিশের দুই কনস্টেবল মো. আলমগীর (২৩) ও প্রদীপ (২৪)। শুক্রবার রাতের ঘটনায় তাঁরা দুজনও আহত হয়েছেন।