'হঠাৎ বিকট শব্দ, তারপর কিছু মনে নেই'
ঘড়িতে রাত সাড়ে আটটার কিছু বেশি বাজে। গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারির সামনে গাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন গাড়িচালক মো. আবদুর রাজ্জাক। ‘স্যারদের’ রেস্তোরাঁর ফটকে নামিয়ে দিয়ে অপেক্ষা করছিলেন। হঠাৎ বিকট শব্দে চেতনা হারিয়ে ফেলেন তিনি। এরপর তাঁর আর কিছুই মনে নেই।
গতকাল শুক্রবার রাতে গুলশানের ওই রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় রাজ্জাক এভাবেই তাঁর জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনার বর্ণনা দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন আবদুর রাজ্জাক। তাঁর গলার বাম অংশে ও বাম হাতে ব্যান্ডেজ। ব্যথায় কিছুক্ষণ পর পর কুঁচকে যাচ্ছে মুখ। চিকিৎসার কাগজপত্র থেকে জানা যায়, রাজ্জাকের গলার বাম অংশে ও বাম হাতে বুলেটের আঘাত রয়েছে।
রাজ্জাক বেসরকারি একটি প্রতিষ্ঠানের গাড়িচালক হিসেবে চুক্তিভিত্তিক কাজ করছেন। কিছুদিন আগে অফিস থেকে তিনি জাপানের নাগরিককে বিভিন্ন জায়গায় আনা-নেওয়ার দায়িত্ব পান। তাঁদের নিয়েই গতরাতে গুলশানের ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন। হামলার পর তাঁদের কী অবস্থা—জানা নেই রাজ্জাকের। তিনি বললেন, ‘স্যারদের খবর কিছুই তো জানি না। তাঁরা কেমন আছে, কে জানে।’
ঠাকুরগাঁওয়ে বাড়ি রাজ্জাকের। কাজের সূত্রে থাকেন ঢাকায়। স্ত্রী রেহানা চাকরি করেন হেমায়েতপুরে। স্বামীর আহত হওয়ার খবর পেয়ে সকালে তিনি ঢাকায় এসেছেন। হাসপাতালে রাজ্জাকের পাশে বসে একটু পর পর চোখ মুছছেন।
রাজ্জাকের পাশে দুটি বিছানায় আছেন আহত দুই পুলিশ কনস্টেবল মো. আলমগীর (২৩) ও প্রদীপ (২৪)। গতরাতে এই দুজনের ডিউটি ছিল গুলশান-২ এর ৭৯ নম্বর রোড ও তাঁর আশপাশের এলাকায়। আলমগীরের বরাত দিয়ে তাঁর এক সহকর্মী কনস্টেবল নাম প্রকাশ না করার শর্তে বলেন, আলমগীর আর প্রদীপ ওই এলাকায় টহলের দায়িত্বে ছিলেন। রাত নয়টার কিছু আগে তাঁদের ওয়াকিটকিতে বার্তা আসে, ৭৯ নম্বর রোডে গন্ডগোল হচ্ছে। তাঁরা সেখানে পৌঁছে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে রেস্তোরাঁর ভেতর থেকে তাদের দিকে বোমা ছুড়ে মারা হয় ও গুলি করা হয়। এতে আহত হন তাঁরা। চিকিৎসার কাগজপত্র থেকে জানা যায়, আলমগীরের বাম পায়ে আর প্রদীপের বাম গাল ও ডান পায়ে বুলেটের আঘাত রয়েছে।
আহত রাজ্জাক বলেন, রাত সাড়ে নয়টায় তাঁদের তিনজনকে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তারপর জরুরি চিকিৎসা শেষে রাত প্রায় ১২টায় হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আশরাফ উদ্দীন খাঁন প্রথম আলোকে বলেন, ‘তিনজনের অবস্থাই স্থিতিশীল।’