'হত্যা মামলার আসামি'কে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামে মনিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
মনিরুল ইসলামের বাড়ি যাদবপুর গ্রামে। বাবার নাম নাজির উদ্দিন।
নিহত মনিরুলের ভাই সাইফুল ইসলামের ভাষ্য, তাঁর ভাই মনিরুল ইসলাম অনেক দিন ধরে ঢাকায় থাকেন। সেখানে ট্রাক চালান। গতকাল বিকেলে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। গ্রামে তাঁর একটি দোকান আছে। রাত নয়টার দিকে মনিরুল বাড়ি থেকে খাওয়াদাওয়া সেরে ওই দোকানে যান। রাত ১১টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে যান। তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত মনিরুলের নামে ডাকাতি করতে গিয়ে হত্যার মামলা আছে। এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চলছে।