'হরতাল' স্লোগান দেওয়ায়...
ছাত্রলীগের নেতা-কর্মীদের সামনে ‘হরতাল’ স্লোগান দেওয়ায় পিটিয়ে এক শিবিরকর্মীকে আহত করা হয়। এরপর মেসবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ছাত্রলীগ। গত মঙ্গলবার রাতে সিলেট এমসি কলেজ পার্শ্ববর্তী বালুচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর এমসি কলেজ ছাত্রাবাসের পাশে ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাশ দিয়ে তিনটি মোটরসাইকেলে করে নয়জন শিবিরকর্মী ‘হরতাল, হরতাল...’ স্লোগান দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আড্ডা থেকে উঠে তাঁদের ধাওয়া করেন। মোটরসাইকেল থেকে ফারহান আহমদ নামের এক শিবিরকর্মী ছিটকে পড়লে তাঁকে বেধড়ক পিটুনি দেওয়া হয়। এরপর শিবিরকর্মীদের মেসবাড়ি হিসেবে পরিচিত বালুচরের ‘রিফাত কমপ্লেক্স’ নামের ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফারহানকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠায়।
শাহ পরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বলেন, এমসি কলেজ ছাত্রাবাসের কাছে ছাত্রলীগের নেতা-কর্মীরা আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে একদল শিবির ক্যাডার হামলা চালানোর চেষ্টা করলে ছাত্রলীগ প্রতিহত করে।