'হাওয়া' হওয়ার চার ঘণ্টা পরই ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই ‘হাওয়া’ হয়ে যান আসামি হুমায়ুন রশিদ। তবে বেশিদূর যেতে পারেননি। চার ঘণ্টা পর নিজের বাসা থেকেই আবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
মারধরের মামলায় ১১ জানুয়ারি গ্রেপ্তার করা হয় হুমায়ুন রশিদকে। গতকাল রোববার মামলার অভিযোগ গঠনের জন্য তাঁকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এই সুযোগটাই যেন খুঁজছিলেন তিনি।
আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম আদালতের মহানগর হাজতখানার কনস্টেবল খোরশেদ আলমকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সরিয়ে দেওয়া হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে জানান, গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদুল আলমের আদালতে আসামি হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজিরও করা হয়। অভিযোগ গঠন শেষে বেলা পৌনে তিনটায় বিচারকের এজলাস থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়ে যান তিনি। পরে পুলিশ অভিযান চালিয়ে আমান আলী রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। রাত আটটার দিকে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
নির্মলেন্দু বিকাশ বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে হাজতখানার কনস্টেবল খোরশেদ আলমকে দামপাড়া পুলিশ লাইনে সরিয়ে দেওয়া হয়েছে।