'হাতকড়া খুলে পালানো' আসামি গুলিতে নিহত
যশোরে এক আসামি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তাঁর নাম মো. রাজিব (৩৫)। আজ শনিবার সকালে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাজিবের লাশ শনাক্ত করেন তাঁর মা ও মামা।
রাজিব যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার মোহর আলীর ছেলে। তিনি মোটরগাড়ির শ্রমিক ছিলেন। রাজিবের স্বজনদের দাবি, তিন দিন আগে বাড়ি থেকে সাদাপোশাকে পুলিশ রাজিবকে তুলে নিয়ে যায়। আজ হাসপাতালের মর্গে গিয়ে রাজিবের লাশ পান তাঁরা।
অন্যদিকে পুলিশের দাবি, রাজিবের নামে দুটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। পরে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।
রাজিবের মামা মহসীন মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘গত বুধবার বিকেলে সাদাপোশাকে একদল পুলিশ বাড়িতে গিয়ে রাজিবকে তুলে নিয়ে যায়। পরে পুলিশ জানায়, কৌশলে হাতকড়া খুলে পুলিশের কাছ থেকে রাজিব পালিয়ে গেছে। অনেক খোঁজখবর করেও রাজিবকে কোথাও পাওয়া যায়নি। শনিবার সকালে খবর পেলাম হাসপাতালের মর্গে তার লাশ পড়ে আছে।’ মহসীন আরও বলেন, ‘বন্দুকযুদ্ধের ঘটনা সারা দেশে যেমনটা হচ্ছে, রাজিবের ক্ষেত্রেও তা–ই ঘটেছে। এর বেশি কিছু বলে বিপদে পড়তে চাই না।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা প্রথম আলোকে বলেন, রাত সাড়ে তিনটার দিকে খবর আসে শহরের খোলাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা তিনটি গুলি ছোড়ে। সন্ত্রাসীরা পালিয়ে গেলে ওই এলাকার চাতালের পাশ থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে মারা যায়। ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি গুলি, পাঁচটি বোমা, দুটি রামদা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। পরে রাজিবের স্বজনেরা হাসপাতালে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন।
ওসি বলেন, পুলিশের হাত থেকে কৌশলে পালিয়ে যাওয়ার পর নিজেদের মধ্যে গোলাগুলিতে রাজিব নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় খুন, চাঁদাবাজি, ডাকাতি, বিস্ফোরকসহ ২৪টি মামলা রয়েছে। দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল তাঁর বিরুদ্ধে।