'হাফপ্যান্ট' বাহিনীর আনাগোনা আতঙ্কে আক্কেলপুর পৌরবাসী
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরে হঠাৎ করেই ‘হাফপ্যান্ট পরা’ বাহিনীর আনাগোনা শুরু হয়েছে। সম্প্রতি হাফপ্যান্ট পরা ও মুখে কালো কাপড় বাঁধা ২০-২৫ জন লোককে দল বেঁধে পৌর এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন এলাকার অনেকে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় কয়েকজন জানান, এই উপজেলায় অনেক আগে থেকেই হাফপ্যান্ট পরা বাহিনীর উৎপাত চলছে। ইমেল নামের এক সন্ত্রাসী এই বাহিনীর প্রধান। এই বাহিনীর সদস্যরা বেশ কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন গ্রামে চাঁদাবাজি করে আসছে। সম্প্রতি তাদের উৎপাত আরও বেড়েছে।
পৌর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ১৬ জুলাই গভীর রাতে হাফপ্যান্ট পরা ও মুখে কালো কাপড় বাঁধা ২০-২৫ জন লোককে পৌর এলাকার চেয়ারম্যানপাড়া দিয়ে পশ্চিম আমুট্ট মহল্লার দিকে যেতে দেখা যায়। তাদের কাঁধে থলে ছিল। চেয়ারম্যানপাড়ার কয়েকজন তাঁদের বাড়ির জানালায় উঁকি দিয়ে ওই দৃশ্য দেখেন। ১৭ জুলাই সকালে ওই মহল্লার একজন বাসিন্দা ঘটনাটি উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানকে জানান। চেয়ারম্যান ঘটনাটি আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান।
১৯ জুলাই গভীর রাতে হাফপ্যান্ট পরা বাহিনীর সদস্যরা পৌরশহরের আমুট্ট চারমাথা মোড়ে অবস্থিত মেসার্স আক্কেলপুর ফিলিং স্টেশনে হানা দেয়। তারা ওই ফিলিং স্টেশনের নৈশপ্রহরী গণেশ চন্দ্রকে (৬০) কুপিয়ে জখম করে ও হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর তারা স্টেশনের ক্যাশঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে।
আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান প্রথম আলোকে জানান, ওই ফিলিং স্টেশনে হানা দেওয়ার কয়েক দিন আগে হাফপ্যান্ট পরা বাহিনীর সদস্যরা গভীর রাতে চেয়ারম্যানপাড়ায় ঢুকেছিল বলে মহল্লার লোকজন তাঁকে জানান। এরপর তিনি ওসিকে ঘটনাটি জানান।
কামরুজ্জামান বলেন, ঈদ সামনে রেখে ওই বাহিনী পৌর এলাকার আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উপজেলার নিচাবাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জহুরুল ইসলাম আকন্দ বলেন, পৌরশহরে হাফপ্যান্ট পরা বাহিনীর আনাগোনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ওই বাহিনীর বিষয়টি তাঁদের জানা। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।