'হামলার অস্ত্রসহ' জেএমবি সদস্য গ্রেপ্তার
বগুড়ার গোয়েন্দা পুলিশ শাজাহানপুর উপজেলার কামারপাড়া-মধ্যপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কয়েকটি অস্ত্রসহ আবদুল মোমিন (২৫) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, আবদুল মোমিন জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
পুলিশ বলেছে, গ্রেপ্তারের সময় মোমিনের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক একে-২২ বোরের একটি রাইফেল, একটি বিদেশি পিস্তল এবং ৫২টি তাজা গুলি উদ্ধার করা হয়।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান গতকাল এক সংবাদ সম্মেলনে দাবি করেন, আবদুল মোমিন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সামরিক শাখার সদস্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তাঁর কাছ থেকে উদ্ধার করা একে-২২ বোরের রাইফেলটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিয়া মসজিদে হামলায় ব্যবহার করা হয়েছিল। এসপি জানান, একে-২২ বোরের এই অত্যাধুনিক রাইফেলটি দিয়ে একসঙ্গে ১৬টি গুলি ছোড়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কামারপাড়া-মধ্যপাড়া গ্রামের আবদুল মমিনের বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালায়। বিষয়টি বুঝতে পেরে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আবদুল মোমিন ধরা পড়েন। পরে তাঁর কাছ থেকে ওই সব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
আবদুল মোমিন ওই গ্রামের মৃত মোজাহার আলী মণ্ডলের ছেলে। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। গ্রামের চার ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, হতদরিদ্র পরিবারের একমাত্র সন্তান মোমিন। গত ১৪ ফেব্রুয়ারি পাশের কচুয়াদহ গ্রামের মৃত ফজলুর রহমানের মেয়ে মাদ্রাসাছাত্রী ফারহানা আকতারকে বিয়ে করেন তিনি।
গত ২৬ নভেম্বর সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার একটি শিয়া মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ইমাম-মুয়াজ্জিনসহ চারজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, ওই হামলায় একে-২২ রাইফেল ব্যবহার হয়েছিল বলে বিস্ফোরক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছিলেন।