
গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম যখন হত্যাকাণ্ডের শিকার হন, তখন আশপাশে ছিলেন না কোনো নেতা-কর্মী বা গ্রামের লোক। তাঁর স্ত্রীও ঘটনার এক মিনিট আগে পাশের ঘরে চলে যান। এমনকি সাংসদের পোষা দুটো কুকুরও আশপাশে ছিল না। ভিড়ে ঠাসা বাড়িতে সাংসদের হঠাৎ একা হয়ে যাওয়াকে তাঁর স্ত্রী খুরশীদ জাহান ‘কাকতালীয়’ ঘটনা বলছেন। আর এই কাকতালের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তদন্তকারীরা।
গতকাল শুক্রবার সাংসদের বাড়িটি প্রায় ফাঁকা দেখা যায়। গৃহকর্মীদের পাশাপাশি সাংসদের ভাগনি মারুফা সুলতানা ও চাচি শামীম আরা আইনি বাড়িটি দেখাশোনা করছেন। পোষা কুকুর দুটো শুয়ে ছিল আঙিনায় সাংসদের কবরের পাশে।
হত্যাকাণ্ডের কয়েক মিনিট আগে ওই দুই আত্মীয় রান্নাঘরে গিয়েছিলেন পান খেতে। গুলির সময় কুকুর দুটো কোথায় ছিল বা কোনো শব্দ করেছিল কি না জানতে চাইলে তাঁরা বলেন, তখন কুকুর দুটো আশপাশে ছিল না।

ওই বাড়ি ও গ্রামের লোকেরা জানান, সাংসদ পশুপ্রেমী ছিলেন। গৃহপালিত গরু-ছাগল, মুরগি ছাড়াও ওই বাড়িতে একসময় ঘোড়া, বানর ইত্যাদি পশুও পালতেন সাংসদ। তাঁর খুব প্রিয় ছিল দুটো কুকুর। সাংসদ বাড়িতে এলে নিজের হাতে কুকুর দুটোকে খেতে দিতেন। কুকুর দুটো সারাক্ষণ সাংসদের আশপাশে ঘুরঘুর করত। বাড়ির ভেতরে অচেনা কাউকে দেখলে ঘেউ ঘেউ করে উঠত।
এখন কুকুর দুটোকে প্রায় সময় সাংসদের কবরের পাশে শুয়ে থাকতে দেখা যায়। সাংসদের চাচাতো ভাই ব্যাংক কর্মকর্তা তৌফিকুর রহমান আইনি গতকাল প্রথম আলোকে বলেন, কুকুর দুটো এখন কিছু খাচ্ছেও না, কবরের পাশে শুয়ে থাকে। ঘটনার সময় ওরা কোথায় ছিল, তা কেউ বলতে পারছে না।
কোথায় ছিলেন সঙ্গীরা
সাংসদের সার্বক্ষণিক সঙ্গী-সাথিরা সেদিন কোথায় ছিলেন তা জানতে গতকাল কথা হয় স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে। এঁদের একজন বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ কুমার। তিনি বলেন, সাংসদ গ্রামের বাড়িতে এলে নেতা-কর্মীদের যেতে বলতেন। তিনি গ্রামে এলে পরিতোষ ও স্থানীয় আরেক আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল প্রায় প্রতিদিনই সাংসদের বাড়িতে যেতেন। দলীয় কোনো কর্মসূচি থাকলে তো বাড়িতে ভিড় লেগে থাকত। সেদিন (৩১ ডিসেম্বর) কোনো দলীয় কর্মসূচি না থাকায় সন্ধ্যার দিকে বাড়িতে তেমন লোকজন ছিল না।
স্থানীয় ছাত্রলীগ নেতা নূর আলম সেদিন ওই বাড়িতে না যাওয়া প্রসঙ্গে বলেন, বাড়ি ছাড়াও বামনডাঙ্গা বাজারে তাঁর একটি কার্যালয় আছে। প্রতিদিন সন্ধ্যার পরে তিনি ওই কার্যালয়ে বসতেন। সন্ধ্যার দিকে বাড়িতে আসা লোকজনকে বামনডাঙ্গার কার্যালয়ে যেতে বলতেন। এ কারণে সেদিন বাড়িতে তেমন কেউ ছিল না।
সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সামিউল ইসলামও প্রায় প্রতিদিনই সাংসদের বাড়িতে যেতেন। হত্যাকাণ্ডের সময় বাড়ি ফাঁকা থাকার কারণ সম্পর্কে তিনি বলেন, সেদিন ছাত্রলীগের অনেক নেতা-কর্মী নতুন বছর উদ্যাপন নিয়ে ব্যস্ত ছিলেন। এ ছাড়া সাংসদের বাঁশবাগানেও (বাগানবাড়ির মতো করে তৈরি করা) সেদিন অনুষ্ঠান ছিল। তিনি সন্ধ্যার পরে বামনডাঙ্গার অফিসে যেতেন। সব মিলিয়ে সন্ধ্যার দিকে ওই বাড়িতে সেদিন তেমন কেউ ছিল না।
সাংসদের স্ত্রী খুরশীদ জাহান স্মৃতি গত মঙ্গলবার বলেন, ‘আসলে এটা একটা কাকতালীয় ঘটনা। তিন দিন থেকে ছাত্রলীগের ছেলেরা একটা মামলার কারণে ধাওয়ার মধ্যে ছিল। ওরা আসত না। দিনে যত লোকই আসুক, সন্ধ্যা বেলাটা আমরা বামনডাঙ্গায় অফিসে যাই। এ কারণে সন্ধ্যায় লোক কম থাকত।’ এ হামলার সঙ্গে বাসার কোনো লোক যুক্ত থেকে ভেতর থেকে খবর দিয়েছে, এ রকম ভাবেন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এ রকম মনে হয় না।’ তাহলে এ সময়টা সাংসদ একা থাকেন বা থাকবেন, এ তথ্য হত্যাকারীরা জানল কীভাবে? তিনি বলেন, ‘সেটা আমিও ভাবছি।’
সব কাকতাল মিলিয়ে দেখা হচ্ছে
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের তদন্ত-সংশ্লিষ্ট মাঠপর্যায়ের একজন কর্মকর্তা গতকাল বলেন, এই ঘটনায় সন্দেহভাজন ১৮ জনকে আটক করা হয়েছে। সাংসদের আত্মীয়, নেতা-কর্মী, বাড়ির কাজের লোকসহ অনেক লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মুঠোফোনের কলতালিকা দেখা হচ্ছে। সাংসদ, তাঁর স্ত্রী ও বাড়ির কর্মচারীরা হত্যাকাণ্ডের দিন বা আগের দিন মুঠোফোনে যে কথাবার্তা বলেছেন, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এমনকি হত্যার আগের দিন থেকে হত্যার দিন পর্যন্ত যাঁরা সাংসদের সঙ্গে দেখা করেছেন, তাঁদের সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে। সব ঘটনা, কাকতাল মিলিয়ে দেখা হচ্ছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যেখানেই সন্দেহ হচ্ছে সেখানেই খতিয়ে দেখা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি কিছু পাই আপনারা জানতে পারবেন। তবে বলার মতো কোনো অগ্রগতি হয়নি। তদন্ত চলছে।’
সাংসদ হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল বিকেলে সুন্দরগঞ্জে ধুপনিকঞ্চিবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।