'হুড়মুড় করে উঠে দেখি বাসে আগুন'
থেমে থাকা বাসে ঘুমিয়েছিলেন চালক মুরাদ হোসেন। সঙ্গে সহকারী ইয়াসিন। কম্বল গায়ে দুজনে বেশ আরামেই ঘুমিয়েছিলেন। শেষ রাতের দিকে গায়ে আগুনের আঁচ লেগে ঘুম ভেঙে যায় মুরাদের। হুড়মুড় করে ওঠেন তিনি। ততক্ষণে ইয়াসিন দৌড়ে চলে গেছেন বাসের সামনে। কম্বল গায়েই মুরাদ দৌড়ান বাসের পেছনের দিকে। কখন কম্বলে আগুন ধরে যায় বুঝতে পারেননি তিনি। বেরও হতে পারেননি। দগ্ধ হয়ে তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার শেষ রাতের দিকে যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে তিনটি বাস রাখা ছিল। তিনটিতেই আগুন দেওয়া হয়েছে। এর একটিতে ঘুমিয়েছিলেন মুরাদ (২০)। তিনি একটি ট্রাকের চালক। বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামে।
অগ্নিদগ্ধ মুরাদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন মুরাদ বলেন, ‘ওই বাসের হেলপার (সহকারী) ইয়াসিন আর আমি রাতে বাসের মধ্যে ঘুমিয়েছিলাম। শেষ রাতের দিকে গায়ে তাপ লাগলে হুড়মুড় করে উঠে দেখি, বাসের মধ্যে আগুন। হুতোশে আমি বাসের পিছন দিকে দৌড় দিই, আর ইয়াসিন সামনের দিকে। পিছন দিকে আগুন বেশি ছিল। গায়ে থাকা কম্বলে আগুন ধরে যায়। আর বেরুতে পারিনি। এরপর কী হয়েছে আমি জানি না।’
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অজয় কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘ওই রোগীর (মুরাদ) শরীরের ৩৫-৪০ শতাংশ আগুনে পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে অগ্নিদগ্ধ মুরাদের ভাই আবদুস সামাদের ভাষ্য, মুরাদ যে ট্রাক চালায়, সেই ট্রাকে মেরামতের কাজ চলছে। যে গ্যারেজে মেরামত করা হচ্ছে, তার পাশেই ওই বাসটি রাখা ছিল। বাসের হেলপার ও চালক মুরাদের পরিচিত। তাই তাঁরা একসঙ্গে রাতে বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। এর মধ্যে কারা যেন বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ গণি মিয়া প্রথম আলোকে বলেন, রাতে দুর্বৃত্তরা তিনটি বাসে আগুন দিয়েছে। এসব বাস রাস্তার পাশে রাখা ছিল। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।