'হয় আমি থাকব নয়তো মাদক ব্যবসায়ীরা থাকবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি থাকব, নয়তো মাদক ব্যবসায়ীরা থাকবে। কেউ মাদক ব্যবসা করে বা সহযোগিতা করে আয়রোজগার করবে, পরিবারসহ নিজের সন্তানদের ভালো খাওয়াবে-পরাবে আর অন্যের সন্তানের হাতে–মুখে তুলে দেবে মাদক নামক বিষ, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সদ্য যোগদানকারী পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক এসব কথা বলেন।
এসপি রশিদুল হক বলেন, ‘মাদকের মতো বা তার চেয়েও বেশি ক্ষতিকারক হচ্ছে জঙ্গিবাদ, যা আমাদের সামাজিক ও ধর্মীয় ঐতিহ্যকে বিনষ্টের অপচেষ্টা করছে, তাকেও সমাজ থেকে সমূলে নির্মূল করতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, জুয়া এসব বন্ধে সাংবাদিকেরা পুলিশের সহযোগিতা নিতে পারে, সহযোগিতা দিতে পারে।’
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রহিম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার লিজা বেগম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, সাংবাদিক আবদুর রব, এস দিলীপ রায়, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, এসপি রশিদুল লালমনিরহাটে ১৯ জুলাই যোগদান করেন।