'৫০ হাজার টাকার জন্য অপহৃত হন গৌতম'
সাতক্ষীরার কলেজছাত্র গৌতম সরকারকে অপহরণ করা হয়েছিল ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের জন্য। গতকাল সোমবার এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আলতাফ হোসেন। গৌতম হত্যা মামলার অগ্রগতি জানাতে পুলিশ সুপারের কার্যালয়ে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এসপি মো. আলতাফ হোসেন বলেন, গৌতম হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামির দুজন শাহাদাৎ মোড়ল ও নাজমুল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তাঁরা বলেছেন, মামলার অপর আসামি সাজু শেখ, শাহাদাত ও নাজমুল গত মঙ্গলবার সন্ধ্যায় ওই গ্রামের বাসিন্দা ঘোনা ইউনিয়ন পরিষদের সদস্য গণেশ সরকারের ছেলে গৌতম সরকারকে মুঠোফোনে তাঁদের বাড়ির পেছনে পুকুরপাড়ে ডেকে নেন। এই তিন আসামির মধ্যে সাজু গণেশ সরকারের প্রতিবেশী। গৌতম ঘটনাস্থলে গেলে তাঁকে আটকে রেখে তাঁর মুঠোফোন থেকে গণেশ সরকারকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন তাঁরা। টাকা না পেয়ে গৌতমের হাত-পা ও মুখ বেঁধে মুখে গুলের কৌটা ঢুকিয়ে দেন আসামিরা। এ সময় ঘটনাস্থলের দিকে কয়েকজনকে আসতে দেখে তাঁরা পাশের পুকুরপাড়ে গৌতমকে ওই অবস্থায় লুকিয়ে রেখে দূরে সরে যান। কিছুক্ষণ পর সেখানে ফিরে তাঁরা দেখেন, গৌতম পুকুরে পড়ে গেছেন। পানি থেকে তোলার পর তাঁকে মৃত দেখতে পেয়ে লাশের সঙ্গে ইট বেঁধে পানিতে ডুবিয়ে দেন আসামিরা। এর চার দিন পর গত শনিবার ওই পুকুর থেকে গৌতমের লাশ উদ্ধার করা হয়।
গৌতম হত্যা মামলায় গ্রেপ্তার অন্য দুই আসামি হলেন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মহসিন আলী ও শাওন।