গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করতে হবে: টিইউসি
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে টিইউসির ঢাকার কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটির বর্ধিত সভায় নেতারা এ দাবি জানান।
সভায় কেন্দ্রের নেতারা বলেন, উৎপাদনের ব্যয় বৃদ্ধির কথা বলে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। আইএমএফ ও বিশ্বব্যাংকের শর্ত পূরণ এবং সরকারের দুর্নীতি ও ভুলনীতির কারণে বারবার গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বাড়ছে। এতে সাধারণ মানুষের জীবনের ব্যয়ভার ক্রমে বেড়েই চলেছে। আবার মূল্য বাড়ানো হলে শ্রমজীবী মানুষকে অনাহার–অর্ধাহারে দিনাতিপাত করতে হবে। যার প্রভাবে উৎপাদনে ও অর্থনীতিতে চলমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অসম্ভব হয়ে পড়বে।
নেতারা আরও বলেন, বিশেষজ্ঞদের মতামত অনুসারে দাম না বাড়িয়ে বরং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুতের উৎপাদন খরচ কমানো সম্ভব। এমনকি দামও কমানো সম্ভব। অথচ সরকার সেটি না করে উপরন্তু বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন করে বিদ্যুৎকেন্দ্রে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকার বোঝা সাধারণ জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সার্বিক পরিস্থিতি মোকাবিলায় ছয়টি দাবি জানিয়েছে টিইউসি। দাবিগুলো হচ্ছে গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য না বাড়িয়ে কমানো, মানবিক জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণ, রেশনিং প্রথা চালু, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, চাকরিচ্যুতি, নির্যাতন, দমননীতি বন্ধ এবং হকার ও রিকশা উচ্ছেদ বন্ধসহ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা দাবি মেনে নেওয়া।
টিইউসির সহসভাপতি মাহাবুব আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি আবদুর রাজ্জাক, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন, অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, কেন্দ্রীয় নেতা আসলাম খান, ইদ্রিস আলী, সাদেকুর রহমান প্রমুখ।