আগামীকাল জকসুর মেডিক্যাল ক্যাম্প, ১১ ধরনের স্বাস্থ্যসেবা পাবেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে আগামীকাল ১৭ মে বিশ্ববিদ্যালয়ে একটি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ ক্যাম্পে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে বলে জানিয়েছে জকসু।

জকসু সূত্রে জানা যায়, আগামীকাল রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও শহীদ মিনারের সামনে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। মেডিক্যাল ক্যাম্পের জন্য ২১টি বুথ প্রস্তুত করা হয়েছে। মেডিক্যাল ক্যাম্পে মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস, চর্মরোগ, নাক-কান-গলা (ইএনটি), ডেন্টাল, অর্থোপেডিকস, চক্ষু, হৃদ্‌রোগ, শ্বাসযন্ত্রের রোগ এবং মনোরোগ—এই ১১ বিভাগের চিকিৎসকেরা সেবা প্রদান করবেন।

মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৩০ জনের মতো চিকিৎসক থাকবেন, তাঁদের মধ্যে কয়েকজন অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদমর্যাদার চিকিৎসকও থাকবেন। মেডিক্যাল ক্যাম্পে ১০টি ফ্রি টেস্টের ব্যবস্থা রাখা হয়েছে।

জকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ বলেন, ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে। পোর্টেবল ইসিজি মেশিনসহ কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা–সংক্রান্ত যন্ত্রপাতি ব্যবহার করে শিক্ষার্থীদের তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সব পরীক্ষা ও চিকিৎসাসেবা শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় প্রাথমিক ওষুধও বিনা মূল্যে বিতরণ করা হবে।

মেডিক্যাল ক্যাম্প আয়োজনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের সেবার মান উন্নয়নে জকসু কাজ করে যাচ্ছে বলে জানান নূর মোহাম্মদ।