যাত্রাবাড়ী থানার জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক মন্ত্রী নূরুল ইসলাম গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার ঢাকার আদালতেছবি: প্রথম আলো

রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মো. জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. মহিন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

আবেদনটি করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শামীম হোসেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে ঘটনার পরিকল্পনাসহ অপরাধ সংঘটনে নূরুল ইসলামের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাই তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো দরকার।

শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন আদালত। ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই মো. মহিন বলেন, জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি হিসেবে নূরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁর জামিন চেয়ে আদালতে আবেদন করে আসামিপক্ষ। এই আবেদনের ওপর শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জাহাঙ্গীরের ভাই মো. ওমর ফারুক বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রিমান্ডে নেওয়া হয়েছে।