অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিদুয়ানুল হক
ছবি: সংগৃহীত

ছয় বছর আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে মামলায় রিদুয়ানুল হক ওরফে সোহেল নামের  এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজুম মুনীরা এ রায় দেন।

সরকারি কৌঁসুলি দীর্ঘতম বড়ুয়া প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৫ অক্টোবর নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকায় ভাড়া ঘর থেকে শানু আক্তার নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর ভাই মো. ইসকান্দর চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন।

মামলায় বলা হয়, ঘটনার আড়াই বছর আগে রাঙ্গুনিয়া উপজেলার দামারহাট এলাকার শানু আক্তারের সঙ্গে আসামি রিদুয়ানুলের বিয়ে হয়। তাঁরা দুজনই নগরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ঘটনার সময় শানু নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পারিবারিক কলহের জের ধরে শানুকে হত্যা করে রিদুয়ান পালিয়ে যান। এরপর ইসকান্দরকে ফোন করে শানু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে জানান। খবর পেয়ে ভুক্তভোগীর ভাই ও আত্মীয়স্বজন ঘটনাস্থলে এসে ঘরের দরজা বন্ধ পান।

রিদুয়ানকে ফোন করলে সেটা বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ এসে শানুর মৃতদেহ উদ্ধার করে। ওই মাসের ২৫ তারিখ রিদুয়ান গ্রেপ্তার হন। তদন্ত শেষে পরের বছরের ১২ ফেব্রুয়ারি চান্দগাঁও থানা-পুলিশ আসামি রিদুয়ানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। একই বছরের ১৯ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন মামলার বাদী ও নিহত নারীর ভাই মো. ইসকান্দর। তিনি প্রথম আলোকে বলেন, এই রায় বহাল থেকে আসামির মৃত্যুদণ্ড যাতে দ্রুত কার্যকর হয়।