বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন নিয়ে স্টেট ইউনিভার্সিটিতে আলোচনা সভা
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকসের (বিএসপিইউএ) যৌথ উদ্যোগে ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন’ শীর্ষক একটি আলোচনা সভা হয়েছে। গত বুধবার স্টেট ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিএসপিইউএর প্রেসিডেন্ট অধ্যাপক ফরিদ এ সোবহানী। সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল কবির।
সভায় আলোচনায় অংশ নেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক জাভেদ বারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবউননেছা। সঞ্চালনা করেন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরিচালক এবং বিএসপিইউএর সদস্য তামান্না মাকসুদ। এ সময় স্টেট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক হাসান কাউসারসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিএসপিইউএর সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে একটি আধুনিক শিক্ষিত ও মানবিক রাষ্ট্রে রূপান্তর করতে চাই। পশ্চিমারা আমাদের অনেক কিছু শেখাতে চায়। তবে নৈতিক মানদণ্ডে আমরা তাদের চেয়ে অনেক এগিয়ে রয়েছি।
পশ্চিমাদের থেকে আমাদের গণতন্ত্রের সবক নেওয়ার কোনো দরকার নেই।’ তাঁর দৃষ্টিতে, পশ্চিমারা গণতন্ত্রের কথা বললেও সেখানে মানবিকতা চরমভাবে অবহেলিত।
অধ্যাপক আনোয়ারুল কবির বলেন, ‘বঙ্গবন্ধুর অবদান বাঙালি জাতি কোনোদিন অস্বীকার করতে পারবে না। বঙ্গবন্ধুর কারণেই বাঙালি জাতি আজও দেশে বিদেশে সমাদৃত। বঙ্গবন্ধুর আদর্শের আলোকেই দেশের শিক্ষানীতি, অর্থনীতি ও সমাজনীতি পরিচালিত হওয়া উচিত।’