গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। তার নাম আবদুর রহমান (১৬)। সে উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর মালি পাথর গ্রামের আবদুল কাদেরের ছেলে। আজ রোববার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই কিশোর একটি মোটরসাইকেল ওয়ার্কশপে মেকানিক হিসেবে কাজ করত। বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে গ্রামীণ সড়ক ধরে সে কর্মস্থলে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী ওই কিশোর গুরুতর আহত হলে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লা এলাকায় তার মৃত্যু হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত কিশোরের লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।