সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকার অনুমতি পেলেন সাবজেলে থাকা সেনা কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি

গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ঢাকা সেনানিবাসের সাবজেলে আছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান। ২০ এপ্রিল তাঁর স্ত্রীর সন্তান জন্মদানের সম্ভাব্য দিন ধার্য আছে। সন্তান জন্মদানের সময় মশিউর রহমানকে স্ত্রীর পাশে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ রোববার এই আদেশ দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, মশিউর রহমানের স্ত্রী গর্ভবতী। সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁর স্ত্রীর সন্তান জন্মদানের সম্ভাব্য দিন ধার্য আছে ২০ এপ্রিল। তাঁর স্ত্রীর প্রত্যাশা সন্তান জন্মদানের সময় মশিউর রহমান যেন পাশে থাকেন। এ জন্য মশিউর রহমানের জামিন চান।

তখন ট্রাইব্যুনাল বলেন, তাঁর জামিন দেওয়া হবে না। তবে সন্তান জন্মদানের সময় মশিউর রহমান যেন স্ত্রীর পাশে থাকতে পারেন, সেই নির্দেশনা দেন।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার ঘটনায় বর্তমান ও সাবেক ১২ সেনা কর্মকর্তাসহ ১৭ জন আসামি। এর মধ্যে ১০ সেনা কর্মকর্তা ঢাকা সেনানিবাসের সাবজেলে আছেন। তাঁদের একজন লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান।