দুই বছর পর প্রধান তথ্য কমিশনার, দুই কমিশনার পেল তথ্য কমিশন

অধ্যাপক নাহরীন ইসলাম খানছবি সংগৃহীত

দুই বছরের বেশি সময় কার্যত অচল থাকার পর সচল হচ্ছে তথ্য কমিশন। শূন্য থাকা প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। এ পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ ছাড়া দুই তথ্য কমিশনারও নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

আরও পড়ুন

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের পর সেপ্টেম্বরে তৎকালীন প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম পদত্যাগ করেন। এরপর আরেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকেও বাদ দেওয়া হয়। এরপর দুই বছরেও প্রধান তথ্য কমিশনার ও কমিশনার নিয়োগ দেওয়া হয়নি। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার আট মাসের মাথায় প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার নিয়োগ দিল।

দীর্ঘদিন তথ্য কমিশন সচল না থাকায় তথ্য না পাওয়ার অভিযোগ দিন দিন বেড়েছে। তবে এসব অভিযোগের নিষ্পত্তি করাও সম্ভব হচ্ছিল না। কেননা, যাঁদের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি হওয়ার কথা, সেই তথ্য কমিশনই গঠন করা হচ্ছিল না। ফলে শুধু অভিযোগের নিষ্পত্তিই নয়, তথ্য অধিকার বিষয়ে প্রশিক্ষণ, জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রকাশনা ইত্যাদিও প্রায় বন্ধ হয়ে আছে। এখন তা আবার সচল হওয়ার পথ খুলল।