প্রথম আলোর সম্পাদকের নামে মামলা ও সাংবাদিককে গ্রেপ্তারের নিন্দা গণসংহতির
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। সংগঠনটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান আজ বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়ার পাঠানো বিবৃতিতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনকে যে জনমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের লক্ষ্যেই গঠন করা হয়েছে, তার আরেকটি নির্লজ্জ উদাহরণ বুধবার গভীর রাতে প্রথম আলোর সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা।
নেতাদের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘চাইলের স্বাধীনতা লাগব’ বলে জাকির হোসেন নামের দিনমজুরের বক্তব্য জনজীবনের অসহনীয় দুর্ভোগের বিষয়টিই তুলে ধরেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবন কঠিন করে তুলেছে। মানুষের ভেতর ক্ষোভ-বিক্ষোভ তৈরি করছে। সরকার জনরোষে ভীত। তাই নানা অজুহাতে সংবাদমাধ্যম ও সত্য সংবাদকে দাবিয়ে রাখতে চায়।
জনগণের দুর্দশা লাঘবের কোনো উদ্যোগ নিতে বর্তমান সরকার ব্যর্থ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, লুটপাট-দুর্নীতি-স্বজনপ্রীতির ওপরই সরকার দাঁড়িয়ে আছে। তাই সংবাদমাধ্যমসহ সর্বস্তরের জনগণের কণ্ঠরোধ, দমন-পীড়ন, হামলা-মামলাই তাদের ক্ষমতা ধরে রাখার মূল হাতিয়ার হয়ে উঠেছে। আর নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনকে তারা এ কাজে ব্যবহার করছে।
সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে মতিউর রহমান ও শামসুজ্জামানের নামে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।