‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন কর্মসূচি

‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে দেয়াললিখন কর্মসূচি পালন করেছে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। ২২ এপ্রিল, ২০২৬ছবি: প্রথম আলো।

‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে ক্যাম্পাসে দেয়াললিখন কর্মসূচি পালন করেছে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দেয়ালে এই প্রচারণামূলক স্লোগান লেখেন তাঁরা।

এদিন ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, শহীদ মিনার এবং প্রধান ও দ্বিতীয় ফটকের দেয়ালে স্লোগান লেখেন। দেয়াললিখনে ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’, ‘গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান’, ‘ঘরে ঘরে খবর পাঠা, গুপ্ত জাতির লেজ কাটা’সহ বিভিন্ন স্লোগান তুলে ধরা হয়।

ছাত্রদল নেতাদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের আড়ালে থেকে একটি গোষ্ঠী বিশেষ রাজনৈতিক এজেন্ডা বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কার্যক্রম রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান বলেন, ‘আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। যারা আত্মগোপনে থেকে অপরাজনীতি করে, তারা পরবর্তীতে তার দায়ভার নেয় না। আমরা স্পষ্ট রাজনীতি চাই।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘যারা গুপ্ত রাজনীতি করে, তাদের গুপ্ত বললেই গায়ে জ্বালা ধরে। এই দ্বৈত চরিত্র নিয়ে ক্যাম্পাসে রাজনীতি করা যাবে না। আমরা রাজনীতির স্পষ্ট অবস্থান চাই।’ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে আমরা কোনো গোপন রাজনীতি সমর্থন করি না। যারা গোপনে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী গোপন পরিচয়ে ভিন্ন অবস্থানে থেকে অপকর্মে জড়িয়ে পড়ছে। একই সময়ে একাধিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা অনৈতিক।

দেয়াললিখন কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।