প্রধানমন্ত্রী আগামীকাল আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার ষষ্ঠ পর্বে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক উদ্বোধন করবেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জাতীয় ইমাম পরিষদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। আজ রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানান।

দেশের প্রতিটি জেলা-উপজেলার পাশাপাশি সব পৌরসভায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক নির্মাণে বর্তমান সরকার ২০১৭ সালে ৯ হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন।

আগামীকাল নতুন আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এই সংখ্যা দাঁড়াবে ৩০০।

মানুষের কাছে ইসলামের সঠিক বাণী পৌঁছে দেওয়া এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের এই পরিকল্পনা নেন।

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অজুর জন্য আলাদা জায়গা, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা রয়েছে। এ ছাড়া আছে হজযাত্রীদের নিবন্ধন-প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণকেন্দ্র, গবেষণাকেন্দ্র, ইসলামি গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হেফজখানা, প্রাক্‌-প্রাথমিক শিক্ষা, কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মেলনকক্ষ, ইসলামিক দাওয়া, ইসলামিক বই বিক্রয়কেন্দ্রসহ দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা।