প্রার্থিতা ফিরে পেলেন ২৪ জন, জাপা মহাসচিবের বিরুদ্ধে আবেদন নামঞ্জুর
নির্বাচনে প্রার্থিতা নিয়ে আজ বুধবার প্রথম ভাগে ৫৯টি আপিল আবেদনের শুনানি করেছে নির্বাচন কমিশন।
আপিলে ২৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, দুজন হারিয়েছেন। ৩২ জনের প্রার্থিতা বাতিলই থাকছে। একজনের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন।
আজ সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল আবেদন শুনানি শুরু হয়। বেলা একটা পর্যন্ত শুনানি চলে। তারপর মধ্যাহ্নের বিরতি শুরু হয়।
কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হকের প্রার্থিতা বহালই থাকছে। তাঁর মনোনয়নপত্র বাতিল চেয়ে করা আপিল আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। তাঁর মনোনয়নপত্র বাতিল চেয়ে ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান আপিলটি করেছিলেন।
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের প্রার্থিতা বাতিলই থাকছে। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে তিনি যে আপিল আবেদন করেছিলেন, তা আজ শুনানিতে নামঞ্জুর হয়ে গেছে।
যশোর-৪ ও সুনামগঞ্জ-৪ আসনের একজন করে দুজন প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করা হয়েছিল। দুজনের বিরুদ্ধেই ঋণখেলাপির অভিযোগ তোলা হয়। নির্বাচন কমিশন এই দুজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে।
ফলে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করলেও নির্বাচন কমিশনে এসে এই দুজনের প্রার্থিতা বাতিল হয়ে গেল। বাতিল হওয়া দুজনের একজন হলেন যশোর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক (বাবুল)। সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থিতা বাতিল হওয়া ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রার্থিতার বিষয়ে আপিল আবেদন শুনানির চতুর্থ দিন আজ। শুনানি শুরু হয়েছিল ১০ ডিসেম্বর।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। এবার ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাইয়ে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৫৮টি আপিল হয়েছে।
গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন দিনে ১৬৮ জন প্রার্থিতা ফিরে পান। সেদিন পর্যন্ত ২৯১টি আপিল আবেদনের নিষ্পত্তি হয়েছে।