সিত্রাং মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি

ঘূর্ণিঝড় সিত্রাং কাল মঙ্গলবার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে বলে পূর্বাভাস পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে তথ্য জানছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী এই ঝড়ের ফলে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে উদ্ভূত সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং আসন্ন এই ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত থেকে জীবন ও সম্পদ রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

প্রেস সচিব জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে আইনপ্রণেতাসহ তাঁর দলের স্থানীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করছেন এবং ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে তাঁদের নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয়েও (পিএমও) ২৪ ঘণ্টার জন্য প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ পর্যবেক্ষণ সেল চালু করা হয়েছে।
সবাইকে হটলাইন নম্বর ও ফ্যাক্স নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। হটলাইন: ০১৭৬৯০১০৯৮৬, ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২।
ফ্যাক্স নম্বর: ০২-৯১০২৪৬৯।

আরও পড়ুন