হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীনফাইল ছবি: প্রথম আলো

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) দেশে আরও চার শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গ নিয়ে এক শিশু ঢাকায় মারা গেছে। আর বাকি তিন শিশু মারা গেছে সিলেটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ শিশুর। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ শিশু।

এ পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ শিশু। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫ হাজার ৫২৯ শিশু।

গত ২৪ ঘণ্টায় ৬৪৯ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর ৪৯৮ শিশু সুস্থ হয়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।