দূষণের দায়ে ১২ যানবাহন, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
পরিবেশদূষণের দায়ে ঢাকা মহানগরের ১২টি যানবাহনকে ১৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই অপরাধে পাঁচ প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার মহানগরের আদাবর, বছিলা, ভাটারা ও খিলগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানা আদায় করেন। দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এসব অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আদাবর এলাকায় দুটি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা, বছিলা এলাকায় দুটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১০ হাজার টাকা এবং খিলগাঁও এলাকায় একটি প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অপর দিকে ভাটারা এলাকায় মাত্রাতিরিক্ত হর্ন বাজিয়ে শব্দদূষণের দায়ে দুটি যানবাহন থেকে ৮০০ টাকা এবং কালো ধোঁয়ার মাধ্যমে বায়ুদূষণের দায়ে ১০টি যানবাহন থেকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।