ট্রেনে ঈদযাত্রা: চট্টগ্রাম থেকে চাঁদপুর ও ময়মনসিংহগামী টিকিটের চাহিদা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার ঈদযাত্রার চতুর্থ দিনের (২০ এপ্রিল) টিকিট বিক্রি করা হয়েছে। এদিন চট্টগ্রাম থেকে চাঁদপুর ও ময়মনসিংহ রুটের ট্রেনের টিকিটের চাহিদা ছিল বেশি। এই দুটি রুটের নিয়মিত ও বিশেষ ট্রেনের প্রায় সব টিকিট সন্ধ্যা সাতটার মধ্যেই বিক্রি হয়ে যায় বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

ময়মনসিংহগামী একটি নিয়মিত ও একটি বিশেষ ট্রেনে ১ হাজার ১৪২টি এবং চাঁদপুরগামী একটি নিয়মিত ও দুটি বিশেষ ট্রেনে প্রায় ২ হাজার আসন রয়েছে। এবার ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। তাই আগের মতো চট্টগ্রাম রেলস্টেশনে টিকিট নিতে আসা মানুষের ভিড়ও ছিল না।

গত শুক্রবার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রি শুরু হয় সকাল আটটায়। শুরুতে টিকিট বিক্রির চাপ ছিল কম। আজ থেকে চাপ বাড়তে শুরু করেছে। তবে অনলাইনে টিকিট সংগ্রহ করতে গিয়ে সার্ভার জটিলতায় পড়েছেন অনেকেই। টাকা পরিশোধ করার পরও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ।

সোমবার সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে চট্টগ্রাম স্টেশনে সহজ ডটকমের কক্ষে ছুটে আসেন আবুল কালাম নামের একজন। স্কুলশিক্ষক আবুল কালাম সহজের কর্মীকে জানান, স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে ঈদে গ্রামের বাড়ি সিলেটে যাবেন তিনি। এ জন্য সকালে অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেন। সাড়ে ৮টায় একবার এবং সকাল সাড়ে ১০টায় আরেকবার তিনটি টিকিটের জন্য টাকা কেটে নেওয়া হয়। কিন্তু টিকিট পাননি। যদিও পরে টাকা রিফান্ড (ফেরত) করেছে। এরপরও অনেকবার চেষ্টা করেও টিকিট পাননি তিনি। কেন এ সমস্যা হচ্ছে, তা জানতে কাপ্তাই থেকে চট্টগ্রাম স্টেশনে এলেও কোনো সমাধান পাননি এই ব্যক্তি।

এদিকে টিকিট বুকিং অপারেটর সহজ ডটকমের চট্টগ্রাম স্টেশনে নিয়োজিত কর্মীরা জানান, ঈদযাত্রায় চট্টগ্রাম থেকে চারটি রুটে (ঢাকা, চাঁদপুর, ময়মনসিংহ ও সিলেট) নিয়মিত ১০টি আন্তনগর ও ৩টি বিশেষ ট্রেন চলাচল করবে। এসব ট্রেনে মোট আসন রয়েছে প্রায় সাড়ে আট হাজার। সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ছয় হাজার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ও একটি বিশেষ ট্রেন এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ও দুটি বিশেষ ট্রেনের বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। তবে ঢাকা ও সিলেটগামী ট্রেনগুলোর কিছু টিকিট রয়ে গেছে। বিক্রি না হওয়া টিকিট পর্যায়ক্রমে সংগ্রহ করতে পারবেন টিকিটপ্রত্যাশীরা।


টিকিট কাটার সময় পেমেন্ট ও টাকা কেটে নেওয়ার পর টিকিট না পাওয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, অনলাইনে টিকিট কাটতে গিয়ে সমস্যার কথা জানিয়েছেন কয়েক ব্যক্তি। সবাই একসঙ্গে টিকিট কেনার চেষ্টা করলে এ সমস্যা হতে পারে।