পাথর ভাঙা ইউনিটের জন্য জোন তৈরির নির্দেশ কেন নয়: হাইকোর্ট
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় থাকা অননুমোদিত সব পাথরভাঙা ইউনিট উচ্ছেদ এবং ভাঙা পাথর আমদানির কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে পাথর ভাঙার জন্য জোন তৈরি এবং জোনে পাথরভাঙা ইউনিটগুলো স্থানান্তরের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ওই রিটটি করে। পাথরভাঙা মালিকদের পূর্ণাঙ্গ তালিকা এবং পাথরভাঙা শ্রমিকের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কিত প্রতিবেদনসহ সব পাথরভাঙা শ্রমিকের তালিকা প্রস্তুত করে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।
আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
বেলা জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৩০০ থেকে ৪০০ ট্রাক পাথর আমদানি করা হয়। লালমনিরহাট থেকে পাটগ্রাম মহাসড়কের পাশে মির্জারকোর্ট, পাটগ্রাম থেকে বুড়িমারী স্থলবন্দর সড়কের উভয় পাশে উফারমারা, ঘুন্টিঘর, বুড়িমারী বাজার, বুড়িমারী স্থল বন্দর জিরো পয়েন্ট ও বুড়িমারী রেল স্টেশন এলাকার বিভিন্ন স্থানে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পাথর ভাঙার কাজ চলছে।
এসব এলাকায় পাঁচ শতাধিক পাথর ভাঙার মেশিন আছে উল্লেখ করে এক বিজ্ঞপ্তিতে বেলা জানায়, খোলা স্থানে এসব পাথর ভাঙার মেশিনের কাজ চলে। ধুলা ও শব্দ নিরোধক ব্যবস্থা না থাকায় এলাকাগুলো ধুলার রাজ্যে পরিণত হয়েছে। এতে মানুষের নিত্য ব্যবহার্য জিনিসপত্র নষ্টসহ স্বাস্থ্যহানি হচ্ছে। পাথরের গুঁড়া মিশ্রিত বাতাস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণের ফলে শ্রমিকসহ স্থানীয়রা শ্বাসকষ্ট, এলার্জি, কাশি, ফুসফুসের প্রদাহসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। পাথরের কুচি চোখে পড়ে অনেকে চোখ হারিয়েছেন। এলাকায় পাথরভাঙ্গাজনিত কারণে সৃষ্ট সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৫০ জনের বেশি শ্রমিক মারা গেছেন। বর্তমানে প্রায় ৭০ জন শ্রমিক এই রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় স্থানীয় এলাকাবাসীর আবেদনে জনস্বার্থে বেলা ওই রিটটি দায়ের করে।