সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয় শুনানি ১ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট
ছবি: সম্রাটের ফেসবুক পেজ থেকে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছে। আগামী ১ জুন মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম আজ সোমবার এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন প্রথম আলোকে এসব তথ্য জানান।

আদালত সংশ্লিষ্টসূত্রগুলো বলছে, এ মামলায় জামিনে থাকা ইসমাইল হোসেন চৌধুরী আদালতে হাজির হন। তাঁর আইনজীবী অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আবেদন করেন। তাতে বলা হয়, অভিযোগপত্রে উল্লেখিত আংশিক কাগজপত্র পেয়েছেন। এ জন্য আসামিকে অব্যাহতির সপক্ষে আবেদন প্রস্তুত করা কিংবা শুনানির জন্য জ্যেষ্ঠ আইনজীবী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে পারেননি। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় ২০২১ সালের ২২ আগস্ট একই আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন সম্রাট। এর আগে তিনি আরও তিনটি মামলায় জামিন পান। এসব মাদক, অর্থ পাচার ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে করা মামলা।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এ ছাড়া অভিযোগপত্রে ২১৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়। এতে উল্লেখ করা হয় এ টাকা তিনি পাচার করেছেন। পরে গত বছরের ২২ মার্চ অভিযোগপত্র আমলে নেন আদালত।

২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তাঁর সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। তখন র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তারের সময় সম্রাট ও আরমান মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁদের কাছে বিদেশি মদ ছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাসের কারাদণ্ড দেন।

গ্রেপ্তারের পর সম্রাট ও আরমানকে কুমিল্লা থেকে ঢাকায় আনা হয়। পরে সম্রাটকে নিয়ে তাঁর কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। সেখানে বন্য প্রাণীর চামড়া, মাদক ও অস্ত্র পাওয়ার কথা বলা হয়। বন্য প্রাণীর চামড়া রাখায় ভ্রাম্যমাণ আদালত সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন।