লেখার সময় লেখক মূলত নিজেরই মুখোমুখি হয়। চারপাশে দেখা মানুষ ও চেনা পরিবেশের গল্প থেকেই সে তাঁর লেখার উপাদান খুঁজে পায়। তবে একই প্রসঙ্গ এক একজনের কাছে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়। প্রকাশও ভিন্ন হয় আর সেটাই লেখকের বৈশিষ্ট্য। ‘আ ওয়ার্ল্ড উইদাউট আ কান্ট্রি’ শিরোনামের আলোচনায় নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখকদের আলাপে উঠে আসে এসব কথা।
ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিন আজ শনিবার দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই পর্বের আলোচনা। এতে অংশ নিয়েছেন ২০২১ সালে সাহিত্যে নোবেল বিজয়ী তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ, ভারতীয় ঔপন্যাসিক ও সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষ এবং ভারতীয় প্রবন্ধকার পঙ্কজ মিশ্র। এই পর্বটি সঞ্চালনা করেন ভারতীয় লেখক ও সম্পাদক নিলাঞ্জনা এস রয়।
নোবেলবিজয়ী আবদুলরাজাক গুরনাহ বলেন, ‘স্বীকার করতে কোনো সংকোচ নেই যে আমি নিজের জন্য লিখি। কে পড়বে এই ব্যাপার নিয়ে লেখার সময় আমি ভাবি না, যা দেখি তা–ই লিখি। তাই লেখার সময় আমি অন্য কোনো বৃত্তের মধ্যে থাকি না।’ পাঠকের কথার সূত্র ধরে উঠে আসে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই লেখকের বই প্রকাশের ইতিহাস। প্রথম প্রথম পাণ্ডুলিপি প্রত্যাখ্যান হয়ে প্রকাশকের কাছ থেকে ফিরে আসার কথা জানান গুরনাহ। তিনি বলেন, ‘বই প্রকাশ করতে না পারার ব্যর্থতা নিয়ে আমার মন খারাপ হয়নি। এ জন্য বসেও থাকিনি, তবে এটা সত্যি যে মনে হতো আহা যদি কেউ আমার বইটা প্রকাশ করত!’
সাহিত্যে মানুষের সঙ্গে প্রাণবৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া প্রসঙ্গে অমিতাভ ঘোষ বলেন, সুন্দরবনে দীর্ঘ সময় নিয়ে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন মানুষ জগতের অন্যান্য প্রাণবৈচিত্র্যের সঙ্গে কতখানি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ফলে সাহিত্যেও সেসব গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। একই প্রসঙ্গে নতুন করে আবার লেখার প্রয়োজন হলে লেখক কী করেন—এমন প্রশ্নে অমিতাভ ঘোষ বলেন, ‘কোনো বিষয় নিয়ে লেখার সময় আমার মনে সেই রকম একটা বুদ্বুদ্ (বাবল) তৈরি হয়। ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর যদি একই বিষয়ে আবার নতুন ভাবনা আসে, ফিরতে গিয়ে টের পাই আগের সেই বুদ্বুদ্টা নেই। তখন আর নতুন করে লেখা হয় না।’
পঙ্কজ মিশ্রর কথায় উঠে আসে তাঁর আলোচিত বই ‘বাটার চিকেন ইন লুধিয়ানা’ লেখার অভিজ্ঞতার কথা। একটি ছোট্ট গ্রামকে কেন্দ্র করে বইটি পাঠককে ঘুরিয়ে আনবে গোটা ভারতের বিভিন্ন জনপদ। লেখক জানান, তিনি নিজের স্বাধীনতা নিয়ে লিখেছেন। এ প্রসঙ্গে পঙ্কজ মিশ্রর আলোচনায় স্থান পায় যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের লেখকদের চেয়ে ভারতীয় লেখকদের অভিজ্ঞতা কোন কোন ক্ষেত্রে ভিন্ন, সেসব কথা।