মাসুদ বিশ্বাস ও লায়লা কানিজকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও ‘ছাগল–কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজের রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করেছেন আদালত। তবে তাঁদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন। এর আগে মাসুদ বিশ্বাস ও লায়লা কানিজকে আদালতে হাজির করে দুদক। মাসুদ বিশ্বাসকে সাত দিন রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর। অন্যদিকে লায়লা কানিজকেও সাত দিন রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন দুদকের অপর পিপি মীর আহমেদ আলী সালাম।
আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মাসুদ বিশ্বাস ও লায়লা কানিজকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
গত শনিবার মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করে ঢাকার আদালতে হাজির করেছিল দুদক। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। সেদিন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেছিলেন, মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি হয়।
এ ছাড়া গত বুধবার সকালে মতিউর রহমান ও তাঁর স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে লায়লা কানিজকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে আদালতের কারাগারে পাঠানো হয়। অন্যদিকে মতিউর রহমানকে ভাটারা থানার অস্ত্র আইনের মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। পরে রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। আগামীকাল দুদকের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির দিন ঠিক রয়েছে।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ, তাঁদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে ৬ জানুয়ারি পৃথক তিনটি মামলা করে দুদক।