ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ক্যানটিন-ক্যাফেটেরিয়া প্রশাসনিক তত্ত্বাবধানে পরিচালনার দাবি জানিয়েছেন একদল শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। হলে খাবারের দাম কমানো ও মান বাড়ানোর দাবিতে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ক্যানটিন-ক্যাফেটেরিয়া বর্তমানে ইজারার মাধ্যমে পরিচালিত হয়। এই ব্যবস্থায় ক্যানটিন-ক্যাফেটেরিয়ার খাবারের মান খুবই খারাপ। আবার দামও বেশি। এগুলো ঠিক করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা দেখা যায় না। তাই সমস্যার সমাধানে ক্যানটিন-ক্যাফেটেরিয়াগুলো প্রশাসনিক তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে।
মানববন্ধনে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ছাত্র ফেডারেশনের নেত্রী উমামা ফাতেমা বলেন, খাবারের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাটা কোথায়? প্রাধ্যক্ষ-আবাসিক শিক্ষকদের কাজ আসলে কী? হলে বাসা নিয়ে থাকা ছাড়া তাঁদের আর কোনো কাজ নেই। বাকি কাজ ছাত্রলীগই করে। হলের দোকান-ক্যানটিন যে ইজারা দিয়ে রাখা হয়, সেখান থেকে ছাত্রলীগের নেতারা প্রতি মাসে চাঁদা তোলেন। এসব কারণে শিক্ষার্থীদের খাবারের অবস্থা খুবই খারাপ। হলগুলোতে প্রশাসনিক তত্ত্বাবধানে ডাইনিং চালু করতে হবে। একই সঙ্গে খাবারের জন্য ভর্তুকি নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও ছাত্র ফেডারেশনের নেতা আরমানুল হক বলেন, খাবার একটি মৌলিক চাহিদা। কিন্তু সেই খাবারের মান অনেক খারাপ। প্রশাসন কেন খাবারের মান বাড়াতে পারছে না? ন্যূনতম পুষ্টি না পেলে শিক্ষার্থীরা কীভাবে পড়াশোনা করবেন? আবার সন্ধ্যায় যে খাবারের দাম ৪০ টাকা, সাহ্রিতে তা হয়ে যাচ্ছে ৭০ টাকা। প্রশাসন কেন দামের লাগাম টানতে পারছে না? ইজারা দেওয়ার অর্থ, ব্যবসার সুযোগ করে দেওয়া। আবার ছাত্রলীগও ক্যানটিনে ‘ফাও’ খাচ্ছে। তার ওপর চাঁদাবাজি আছে। ক্যানটিন-ক্যাফেটেরিয়াকে প্রশাসনিক তত্ত্বাবধানে না নিয়ে আসা পর্যন্ত খাবারের সমস্যার সমাধান হবে না।
পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র সাকিবুর রনির সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র জারিফ ইনান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ছাত্র আকিব হাসান প্রমুখ বক্তব্য দেন।